রাজশাহীতে ২০ শিক্ষার্থী গ্রেপ্তার
রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৯ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নয়জনকে ছেড়ে দিয়ে বাকিদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, কারাগারে পাঠানো ২০ জন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্র। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে তাদের ছাত্র ১৬ জন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, নগরের বিভিন্ন এলাকার মেসে গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সরকারবিরোধী প্রচারপত্রসহ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়। তাঁদের কাছে ছাত্রশিবিরের সাংগঠনিক কাগজপত্র পাওয়া গেছে।
নগরের বোয়ালিয়া মডেল থানার এসআই ফেরদৌসী বেগম বলেন, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে গতকাল সন্ধ্যায় নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০ জনকে দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সেক্রেটারি আবদুল আজিজ বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন তাঁদের শিক্ষার্থী। পুলিশের অভিযোগ সম্পর্কে তাঁরা বিস্তারিত জানেন না। এ বিষয়ে তাঁরা বিস্তারিত জানার চেষ্টা করছেন।