রাজশাহীতে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন বুধবার বিকেলে রাজশাহীর চারঘাটের সারদা স্টেশনে লাইনচ্যুত হয়। এরপর থেকে রাজশাহীর সঙ্গে ঢাকা, খুলনা ও উত্তরাঞ্চলের সরাসরি ট্রেন যোগাযোগ প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকে। গতকাল বেলা একটার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রীরা। টিকিটের টাকা ফেরত নিতে গিয়েও হয়রানির শিকার হন তাঁরা। অনেক যাত্রী টাকা ফেরত না নিয়ে বাসে করে চলে যান।রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সারদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর পর গতকাল বেলা একটা পর্যন্ত নাটোর ও ঈশ্বরদী হয়ে কোনো ট্রেন রাজশাহীতে ঢুকতে পারেনি। এসব ট্রেন ঈশ্বরদী-নাটোর থেকে ফিরে গেছে। যাত্রীদের ভাষ্যমতে, টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য সকাল সাতটায় যাত্রীদের লাইনে দাঁড়াতে বলা হয়। কিছু যাত্রীকে টাকা ফেরতও দেওয়া হয়। সাড়ে সাতটার দিকে বলা হয়, নয়টার পর টাকা ফেরত দেওয়া হবে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর নয়টার দিকে বলা হয়, কম্পিউটারের সমস্যা। টাকা দেওয়া সম্ভব হবে না। তখন ক্ষুব্ধ যাত্রীরা টিকিট কাউন্টার ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ফারুক হোসেন নামের এক যাত্রী বলেন, টিকিটের টাকা ফেরত না পেয়ে তিনি বাসে করে নাটোরে গিয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন।তদন্ত কমিটি: ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সুজিত কুমার বলেন, ঈশ্বরদী থেকে ক্রেন নিয়ে এসে বুধবার রাতভর চেষ্টার পর পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগির দুটি লাইনে তোলা হয়। একটি বগি তোলার মতো অবস্থা নেই। সেটিকে মাটিতে রাখা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে অবশিষ্ট একটি বগি তোলার কাজ শেষ হয়। একটার দিকে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার শেষ হয়। দেড়টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের রাজশাহীতে ঢোকার মাধ্যমে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।