রাজশাহীতে ২৫ দিনেও সন্ধান মেলেনি হোমিও চিকিৎসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ২৫ দিন পরও খোঁজ মেলেনি রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকার হোমিও চিকিৎসক শেখ লতিফুল খাবীর ওরফে আনোয়ার হোসেনের। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার অবিলম্বে তাঁকে খুঁজে বের করার দাবি জানিয়েছে।
বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করে শোনান লতিফুল খাবীরের স্ত্রী নাসরিন সুলতানা।
নাসরিন সুলতানার অভিযোগ, গত ১৭ অক্টোবর মাগরিবের নামাজের সময় হেতেম খাঁ ছোট মসজিদ এলাকায় অবস্থিত ‘ম্যাথমেটিকস হোমিও হল’ থেকে তাঁর স্বামীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকের ছয়জন লোক। তাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। রাতে প্রশাসনের সম্ভাব্য জায়গায় খোঁজ করেও লতিফুল খাবীরের সন্ধান পাননি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। এ ঘটনায় পরদিন বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
নাসরিন সুলতানা বলেন, যেকোনো মুহূর্তে তাঁর স্বামীর জীবন ক্ষতির সম্মুখীন হতে পারে। তিনি দুটি শিশুসন্তান নিয়ে ভাড়া বাড়িতে অনেক কষ্টে আছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত তাঁর স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিখোঁজ চিকিৎসকের শ্বশুর জয়ফুল ইসলাম ও ছোট ভাই মনোয়ার হোসেন ছাড়াও তাঁর আট বছরের মেয়ে লুৎফুন নেসা ও চার বছরের ছেলে একরামুল ইসলামসহ অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন।