রাজশাহীতে ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৭ গতকাল রোববার এ অভিযোগ গঠন করেন। অভিযুক্ত জওয়ানদের মধ্যে ১৫ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সকাল সাড়ে আটটায় আসামিদের আদালতে হাজির করা হয়। এর পাঁচ মিনিট পর আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। বিচারকমণ্ডলীর অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর আশফাক হোসেন এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম। ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাছান আদালতে কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতি আদালতের নিয়ম বর্ণনা করে বলেন, কোনো আসামি দোষ স্বীকার করে ক্ষমা চাইলে আদালত অনুকম্পা দেখাতে পারেন।কৌঁসুলি জাহিদ হাছান আদালতে আসামিদের অপরাধের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বক্তব্য দেন এবং ঘটনার দিনে সাংবাদিকদের ধারণ করা ভিডিওচিত্র দেখান। কৌঁসুলি তাঁর বক্তব্যে বলেন, ওই ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লে. কর্নেল এহিয়া আজম সবাইকে বিশেষ হাজিরা প্যারেডের মাধ্যমে বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের গুজবে কান না দেওয়ার জন্য বলেন এবং বিদ্রোহ শাস্তিযোগ্য অপরাধ বলে সবাইকে সতর্ক করে দেন। এর পরও তাঁরা সম্মিলিতভাবে বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং অস্ত্র লুট করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। গণমাধ্যমের সামনে বিডিআর কর্মকর্তাদের গালাগাল করেন। কৌঁসুলি বলেন, বিডিআর আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। তিনি আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন জানান। সকাল নয়টা ৩৫ মিনিটে আদালত মুলতবি ঘোষণা করা হয়। প্রায় আধা ঘণ্টা পরে আবার আদালত বসে। এ সময় ১৫ জওয়ান দোষ স্বীকার করে ক্ষমা চান। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন ১১ জন সাক্ষী। বেশ কয়েকজন আসামী সাক্ষীদের জেরা করেন।বিকেল সোয়া পাঁচটায় আদালত মুলতবি ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল আটটায় আবার আদালত বসবে। আজ সাফাই সাক্ষ্য প্রদান, যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের দিন ধার্য করা হবে।কৌঁসুলি বলেন, মোট ৫৭ জনের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও ১১ জনের কথাতেই প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেছে। আপাতত অন্যদের সাক্ষ্য নেওয়া হবে না।