রাজশাহীতে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিডিআর বিদ্রোহের বিচারের দ্বিতীয় দিনে গতকাল রোববার ৪৪ জন আসামিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ শোনানো হয়েছে। আগামী ২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারের জন্য গঠিত বিশেষ আদালত ১৭-তে সকাল আটটায় এই অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলের সভাপতি ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। প্যানেলের অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাহ উদ্দীন ও মেজর আশফাক হোসেন। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম।আদালতে কৌঁসুলি হিসেবে ছিলেন ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাছান এবং বিশেষ কৌঁসুলি হিসেবে ছিলেন শেখ মো. সেলিম ও সাইদুর রহমান।আদালত সূত্রে জানা যায়, সকাল আটটায় হাবিলদার ময়দান আলীসহ ৪৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। শুরুতেই সভাপতি বলেন, কেউ দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে আদালতে তাঁর প্রতি অনুকম্পা দেখাতে পারেন। কারাবিধি অনুযায়ী কারাগারের ভেতরে সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা আসামিদের কাছে জানতে চাওয়া হয়।এরপর কৌঁসুলি জাহিদ হাছান আসামিদের অপরাধের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, কিছু অযৌক্তিক দাবিতে আসামিরা বিডিআর বাহিনীকে কলুষিত করেছেন। ঘটনার দিন আসামিরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা পোষণ করে ‘আর্মি আইয়া গেছে’ বলে গুজব রটিয়ে একে অন্যের সহযোগিতায় অস্ত্র লুট করে কর্মকর্তাদের হেনস্তা করেন। খেয়াল-খুশিমতো পাগলা ঘণ্টা বাজিয়ে ভেতরে ত্রাসের সৃষ্টি করেন তাঁরা। অপরাধীদের সুষ্ঠু বিচার করে বিডিআর বাহিনীকে কলুষমুক্ত করার আবেদন জানান কৌঁসুলি।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার জের ধরে পরের দিন ২৬ ফেব্রুয়ারি রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা বিদ্রোহ করেন।