রাজশাহীতে ৬ খুনে ৪৬ জনের যাবজ্জীবন
ওগাঁর আত্রাই উপজেলার চাঞ্চল্যকর ছয় খুনের মামলায় ৪৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া ৪৬ জনের মধ্যে ২৮ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ১৮ জন পলাতক।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৪ এপ্রিল রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের জাহাঙ্গীর হোসেন, শুকবর মেম্বার ও তাঁর ভাই আবদুল জব্বার, শাহজাহান, মোজাম্মেল হক ও তাঁর ভাই বিদ্যুেক জবাই করে হত্যা করা হয়। হত্যাকারীরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সদস্য বলে পরিচিত। এ ঘটনায় পরদিন নিহত জাহাঙ্গীরের বাবা সাদিয়ার রহমান বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বরে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন মামলার তদন্ত শেষে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর মধ্যে একজনের মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আসামিদের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন এনতাজুল হক ও হামিদুল হক। আসামিপক্ষে ছিলেন আবু বাক্কার, সুশান্ত সরকার ও মুনসুর রহমান।