রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নুরুল জামায়াতের কর্মী বলে দাবি করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় নগরের কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলমের ভাষ্য অনুযায়ী, নুরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মতিহার থানায় সাতটি মামলা রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রনহাট এলাকা থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও বোমা উদ্ধার এবং নাশকতাকারীদের ধরতে রাত দেড়টার দিকে মতিহার থানার কাপাশিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে জামায়াত-শিবিরের একদল কর্মী নুরুলকে ছিনিয়ে নিতে বোমা ও গুলি ছুড়ে পুলিশের গাড়িতে হামলা চালায়।
ইফতে খায়ের আলমের ভাষ্য, একপর্যায়ে নুরুল পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বাড়ি মতিহার থানার রনহাট কবিরাজপাড়ায়।
তবে নুরুল প্রথম আলোকে বলেন, ‘আমি জামায়াতের কর্মী না। তবে জামায়তের রাজনীতি সমর্থন করি।’ তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুরে পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে। পরে মতিহার থানায় রাখে। সেখান থেকে রাত দেড়টার দিকে পুলিশ তাঁকে কাপাশিয়া এলাকায় নিয়ে গিয়ে পায়ে গুলি করে।