রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে পারভেজ। আজ বুধবার রাজশাহীতে ভাড়াটেদের তথ্য সংগ্রহের ফরম বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিহত ব্যক্তির পরিচয় দেন। নিহত ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক জানান, বন্দুকযুদ্ধে নিহত নজরুল ইসলামের বাড়ি পঞ্চগড়ে। শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার পর নজরুল ইসলামের মোটরসাইকেলে করে হত্যাকারীরা পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার নগরের আশরাফের মোড় এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নিহত হন। পুলিশের ভাষ্য, আশরাফের মোড় এলাকায় গেলে তাদের ওপর গুলি ও ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।