রাজশাহীতেও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো রাজশাহীতেও পেঁয়াজের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চাহিদার তুলনায় খুব কম সরবরাহ করেছে। এ জন্য টিসিবির পেঁয়াজ বাজারদরের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি।
তা ছাড়া এক সপ্তাহ পর টিসিবি রাজশাহী বিভাগের আট জেলার জন্য মাত্র ১০ টন পেঁয়াজ সরবরাহ করেছে। জানা গেছে, টিসিবি বিভাগের ৪২০ জন পরিবেশকের মধ্যে ১৯ জন ভ্রাম্যমাণ পরিবেশককে গত বুধ ও বৃহস্পতিবার মাত্র ১০ টন পেঁয়াজ সরবরাহ করা হয়েছে। এক সপ্তাহ পর এ পেঁয়াজ সরবরাহ করা হয়েছে। এসব কারণে টিসিবি প্রতি কেজি ৫৫ টাকায় বিক্রি করলেও বাজারে এর প্রভাব পড়েনি। গতকাল শুক্রবার রাজশাহীর বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
টিসিবির রাজশাহী কার্যালয়ের প্রধান মাহাবুবুর রহমান তালুকদার জানান, রাজশাহী বিভাগের আটটি জেলার জন্য এক সপ্তাহ পরে গত বুধ ও বৃহস্পতিবার পাঁচ টন করে মাত্র ১০ টন পেঁয়াজ সরবরাহ করা হয়েছে। এই পেঁয়াজ ১৯ জন পরিবেশকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুধু ভ্রাম্যমাণ পরিবেশকদের পেঁয়াজ দেওয়া হয়েছে।
টিসিবি রাজশাহী নগরের মালদহ কলোনির পরিবেশক মোহাম্মদ আল সামস বলেন, রাজশাহী জেলায় টিসিবির শুধু তিনজন ভ্রাম্যমাণ পরিবেশক রয়েছেন। তাঁরাই টিসিবির পেঁয়াজ তুলতে পেরেছেন। অন্য পরিবেশকদের পেঁয়াজ দেওয়া হচ্ছে না। তিনি পাঁচ কেজি পেঁয়াজ চেয়েও পাননি। গতকাল শুক্রবার নগরের সাহেব বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ১১০ এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সোমবার প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৭০, মঙ্গলবার ৮০ এবং বুধ ও বৃহস্পতিবার ৯০ টাকা ছিল।
নগরের রামচন্দ্রপুর বাজে কাজলা এলাকার সোহাগ রানা বলেন, ১ অক্টোবর তিনি এক কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা দরে কিনেছেন। গতকাল শুক্রবার দাম শুনে পেঁয়াজ না কিনেই বাড়ি ফিরে এসেছেন।