রাজশাহীর অধিকাংশ সড়কে কষ্টের চলাচল

২৩ কোটি টাকায় নির্মাণ করা নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ভদ্রা পর্যন্ত সোয়া চার কিলোমিটার সড়ক চার বছরের মাথায় মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)। রাজশাহী সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার কথা থাকলেও তা হয়নি, সংস্কারও করা হচ্ছে না।
এছাড়া গ্যাস সংযোগের জন্য নগরের বিভিন্ন এলাকায় ছয় হাজার স্থানে খোড়াখুড়ি করা হয়েছে। কিন্তু রাস্তার কাজ সম্পন্ন করা হয়নি। এতে চলাচলের কষ্টে পড়েছেন নগরবাসী।
নির্মাণের পর প্রথম দুই বছর ভদ্রার রাস্তাটি দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করেনি। নওদাপাড়া বাস টার্মিনাল চালু হওয়ার পর দুই বছর ধরে এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু করে। এ সময়ের মধ্যেই রাস্তাটি নষ্ট হয়ে যায়।
রাস্তার স্থািয়ত্ব সম্পর্কে জানতে চাইলে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সামাদ বলেন, এটা মূলত নির্ভর করে রাস্তার ওপরের স্তরের ঘনত্বের ওপরে । ঘনত্ব কম থাকলে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে সাধারণত তিন বছর পর থেকে রাস্তার রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। রক্ষণাবেক্ষণ না করলে রাস্তাটি তাড়াতাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
২০০৯ সালে রাজশাহী নগরের নওদাপাড়া নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ভদ্রা পর্যন্ত সোয়া তিন কিলোমিটার এই সংযোগ সড়কটি নির্মাণ শুরু হয়। এটি নওদাপাড়া বাইপাস সড়কের সঙ্গে ভদ্রা এলাকায় রাজশাহী-নাটোর সড়কের একিট সংযোগ সড়ক। প্রথমে সড়কের দৈর্ঘ্য ছিল সোয়া তিন কিলোমিটার। পরে রেলওয়ে কর্তৃপক্ষ জায়গা না দেওয়ার কারণে প্রায় এক কিলোমিটার ঘুরে ভদ্রা আবাসিক এলাকার ভেতর দিয়ে ভদ্রা রেলগেট এলাকার সঙ্গে যুক্ত করা হয়।
আরডিএ থেকে জানা গেছে, সড়কটি নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় হয়েছে। নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণের পরে আরডিএ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু এ

সড়কটি হস্তান্তর করা হয়নি। চার বছরের মাথায় সড়কটি একেবারে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লে সিটি করপোরেশনে দক্ষিণ দিকে কিছুটা সংস্কারকাজ করে। উত্তর দিকে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ সড়ক হয়ে নিয়মিত সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যান স্কুলশিক্ষক মাসুদ রানা। তিনি বলেন, বৃষ্টি না হলে কোনো রকমে ঘুরে-ফিরে যাওয়া যায়। কিন্তু বৃষ্টির দিনে এ সড়ক রীতিমতো একটি মরণফাঁদে পরিণত হয়।
এ সড়কে রাজশাহী থেকে গাড়ি চালিয়ে প্রতিদিন পাবনার বেড়ায় যান চালক আবদুল বাতিন (৫০)। তিনি বলেন, ‘এ রাস্তার অবস্থা খুবই নাজুক। বৃষ্টি হলে কোন দিক দিয়ে চাকা ধরব, ঠিক করতে পারি না। তার পরও মাঝেমধ্যেই গর্তে পড়ে গাড়ির স্প্রিং ভেঙে যায়।’
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, সড়কটি আরডিএ এখনো হস্তান্তরের প্রস্তাব করেনি। হস্তান্তর না করা পর্যন্ত রাস্তাটির সংস্কার তাদেরই করার কথা। তার পরও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সিটি করপোরেশনের পক্ষ থেকে দক্ষিণের মাথায় প্রায় দেড় কোটি টাকার সংস্কারকাজ করেছেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, সিটি করপোরেশন এ সড়কটি নিতেই চায় না। সাধারণত যেসব প্রকল্পে আয় নেই, সেগুলো তারা নিতে চায় না।
ভালো সড়ক কাটায় এখন কষ্ট: রাজশাহী নগরে গ্যাস-সংযোগের জন্য কাটা ভালো সড়ক ঠিকমতো মেরামত করা হচ্ছে না। নগরের ৪১০ কিলোমিটার সড়কের প্রায় ছয় হাজার জায়গায় এই খোঁড়াখুঁড়ি করা রয়েছে। খোঁড়া সড়কে শুধু ডিব্লউবিএম কার্পেটিং (ওয়াটার বন্ড ম্যাকাডাম) করা হয়েছে। সব জায়গায় কার্পেটিং করা হয়নি। আবার কার্পেটিং করা হলেও সড়কটি আগের মতো হয়নি। এতে সব ধরনের যানবাহনের যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অথচ সব বিল সিটি করপোরেশনকে পরিশোধ করা হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. (পিজিসিএল) থেকে জানা গেছে, কোনো বাসায় গ্যাস-সংযোগের আগেই সিটি করপোরেশন থেকে লাইন বসানোর জন্য সড়ক কাটার অনুমতি নিতে হয়। সড়ক খোঁড়ার জন্য ক্ষতিপূরণ হিসেবে অনুমতি দেওয়ার সময়ই সিটি করপোরেশন গ্রাহকের কাছ থেকে সড়ক ভেদে নির্ধারিত টাকা নেয়। পাকা সড়কের জন্য প্রতি বর্গমিটারে তিন হাজার ১৯০ টাকা, হেরিংবন্ডের জন্য ৯৯০ টাকা ও কাঁচা রাস্তার জন্য ৯৭ টাকা করে ক্ষতিপূরণ নেওয়া হয়।
গত বছর জুন মাসের শুরু থেকে রাজশাহী নগরে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। গত অর্থবছর পর্যন্ত ছয় হাজার গ্রাহকের বাসায় রাইজার উত্তোলন করার জন্য বাজেটে বরাদ্দ ছিল। ওই পরিমাণ সংযোগের জন্য নগরের সড়কের প্রায় ছয় হাজার জায়গায় খোঁড়া হয়েছে। এসব সড়ক আর মেরামত করা হয়নি। করা হলেও ডিব্লউবিএম করে রাখা হয়েছে। অল্প কিছু সড়ক মেরামত করা হলেও তা খুব নিম্নমানের করা হয়েছে। আর বেশির ভাগ জায়গায় কাটা সড়কের মধ্যে জঙ্গল দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, খোঁড়া সড়কের কিছু কাজ করা হয়েছিল। বৃষ্টির কারণে আবার কার্পেটিং উঠে গর্ত বের হয়েছে। আবার সেগুলো ঠিক করা হবে। আপাতত বৃষ্টির কারণে কাজ করতেও অসুবিধা হচ্ছে।