রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন নাদিম হোসেন (২৫)। সেদিন রাতে তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালে তাঁর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাঁর অটোরিকশাটি পাওয়া যায় অন্য জায়গায়।গত এপ্রিলে অপহরণের পর দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হলেও ২০ মার্চ নগরের কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে নিখোঁজ ভ্যানচালকের খোঁজ মেলেনি এখনো। এর সঙ্গে যুক্ত হয়েছে দিনদুপুরে ছিনতাই। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজশাহীতে গত সোমবার আইনশৃঙ্খলা কমিটির সভায় অনেকেই এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।নগরের মতিহার থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, নগরের বামনশিকড় এলাকার বাইপাস সড়কের পাশ থেকে অটোরিকশাচালক নাদিম হোসেনের লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার চার দিন পরও নাদিম হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।এদিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পর ১৩ এপ্রিল ব্যবসায়ী আমিনুল হকের নয় টুকরো লাশ এবং ২২ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ থেকে নাটোরের লালপুর উপজেলার ব্যবসায়ী মাহাবুব আলমের লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় নগরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।২০ মার্চ আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আসার পথে নিখোঁজ হন নূরুল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালক। তাঁর বাড়ি মতিহার থানার বেলঘরিয়া গ্রামে। নূরুলের স্ত্রী সাহেরা খাতুন আশঙ্কা করছেন, তাঁর স্বামীকেও হয়তো হত্যা করে লাশ গুম করা হয়েছে।একই দিন চণ্ডীপুর থেকে জীবন হোসেন নামের এক মাইক্রোবাসচালক অপহূত হন। পুলিশ জানায়, নগরের কলাবাগান এলাকার মাইক্রোবাসচালক জীবনকে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে চার তরুণ কৌশলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা চণ্ডীপুর বালুর মাঠ এলাকায় নিয়ে জীবনের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় অপহরণকারীরা জীবনকে একটি বাড়িতে আটকে রাখে। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার বিষয়টি জীবনের মা আকলিমা খাতুন মহানগর গোয়েন্দা পুলিশকে জানালে ২১ মার্চ বিকেলে মুঠোফোনে নজরদারির (মোবাইল-ট্র্যাকিং) মাধ্যমে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ চণ্ডীপুর এলাকার অপহরণকারী রাসেল (২৫) ও টনি (২৪), ভেড়িপাড়া এলাকার নাজমুল (২৪) এবং ভাটাপাড়া এলাকার মুরাদকে (২৬) গ্রেপ্তার করে।বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুম মনির জানান, তাঁরা ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরেছিলেন। সেই বাজির টাকা না পেয়ে জীবনকে ধরে নিয়ে গিয়েছিলেন। জীবন পুলিশের কাছে তা স্বীকার করেছেন।নগরে দিনদুপুরে ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে গেছে। গত সোমবার সকালে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কলাবাগান এলাকায় রিকশা থামিয়ে অস্ত্রের মুখে দুই ছিনতাইকারী ভদ্রা এলাকার সেলিম রেজার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। সেলিম একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা বলে জানা গেছে।রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবল বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বেশ কয়েকজন বক্তা নগরের আইনশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রাজশাহী শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি রমজান আলী বলেন, সাম্প্রতিককালে নগরে চুরি, ছিনতাই, খুন বেড়েই চলেছে। মাদককে কেন্দ্র করেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে তাঁর ধারণা।রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মো. ওবায়দুল্লাহ দাবি করেন, দেশের অন্যান্য নগরের তুলনায় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।