রাজশাহীর আট পৌরসভায় আ.লীগের বিদ্রোহী ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ১৩ পৌরসভার ৮টিতে ১৩ জন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাঁচ পৌরসভায় প্রার্থী হয়েছেন পাঁচ জামায়াত নেতা। ১৩ পৌরসভায় ৭১ জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ হিসাব পাওয়া গেছে।
কাটাখালীতে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পবা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতা আব্বাস উদ্দিন। স্বতন্ত্র হিসেবে জামায়াত নেতা মাজেদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তানোরের মুন্ডুমালায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান। বিএনপি থেকে বিদ্রোহী হয়েছেন পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান।
পুঠিয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম হিরা বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। পুঠিয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রবিউল ইসলাম। বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন হাসিবুল ইসলাম ও সাইফুল ইসলাম। সাবেক শিবির নেতা আহাদ আলী এখানে প্রার্থী হয়েছেন।
বাঘার আড়ানি পৌরসভায় আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। বাঘায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তার হোসেন।
তানোরে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান পৌর মেয়র ফিরোজ সরকার। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক এবং বিএনপির মনোনীত প্রার্থী পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান। নওহাটা পৌরসভায় আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন। নওহাটায় বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম।
চারঘাটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া। এখানে আওয়ামী লীগের প্রার্থী নার্গিস খাতুন। বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর বিএনপির সভাপতি কাইউম উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম এখানে বিএনপির মনোনীত প্রার্থী। গোদাগাড়ীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাবু, বিএনপি মনোনীত আনোয়ারুল ইসলাম। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন গোলাম কিবরিয়া। স্বতন্ত্র হিসেবে জামায়াত নেতা আমিনুল ইসলাম ও জাপার গোলাপ হোসেন।
দুর্গাপুর পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান। তবে আওয়ামী লীগের কোনো পদে নেই এই নেতা। ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর যুবদল সভাপতি শাহীনুল ইসলাম। কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান শহীদ ও বিএনপি মনোনীত আলাউদ্দিন আলো, জাপার জয়নাল আবেদিন, স্বতন্ত্র হিসেবে জামায়াত নেতা হাফিজুর রহমান।