রাজশাহীর আদালত হাজতে পুলিশের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজতে খাবার দিতে গেলে পুলিশকে ২০০ টাকা ঘুষ দিতে হয়। এই টাকা দিতে একটু দেরি হওয়ায় আসামির হাত থেকে খাবার কেড়ে নিতে গিয়ে পুলিশ আসামির হাত মুচড়ে তাঁকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে রাজশাহী আদালত হাজতে। রাজশাহীর মোহনপুর উপজেলার একটি হত্যা মামলায় জামিন শুনানির জন্য ছয়জন আসামিকে গতকাল সকালে আদালত হাজতে আনা হয়। এদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ হাজির করার কথা ছিল। বেলা ১১টার দিকে আসামি ইব্রাহিম হোসেনের (৪০) জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসেন তাঁর চাচা বেসারত আলী ও তাঁর এক বোন। হাজতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ইব্রাহিমের আত্মীয়ের কাছে ২০০ টাকা দাবি করেন। বেসারত জানান, পুলিশ খাবারের বাটি ইব্রাহিমের হাতে দিয়েই টাকার জন্য পীড়াপীড়ি করতে থাকে। টাকা বের করতে একটু দেরি হলে ইব্রাহিমের হাত থেকে খাবার কেড়ে নেওয়ার চেষ্টা করেন কনস্টেবল নজরুল। এ সময় নজরুল আসামি ইব্রাহিমের হাত ধরে মোচড় দেন। এর পরও পুলিশ খাবার কেড়ে নিয়ে তা বেসারতকে ফেরত দেয়। তবে বেসারতের কাছ থেকে ২০০ টাকা ঠিকই নিয়ে নেন কনস্টেবল নজরুল।বেসারত বলেন, হাত মোচড় দেওয়ায় ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ে গেলে পুলিশ ১০০ টাকা ফেরত দিয়ে ইব্রাহিমের মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে। তাঁর অবস্থার আরও অবনতি হলে হাজিরা দেওয়া বাদ দিয়ে ইব্রাহিমকে কারাগারে ফেরত পাঠানো হয়। বেসারত আরও বলেন, এ নিয়ে পুলিশের সঙ্গে তর্ক করতে গেলে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে হাজতে ঢুকানোর হুমকি দেয়। বাধ্য হয়ে তারা সেখান থেকে চলে আসেন। কারাধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, ‘একজন আসামি ফিরে এসেছেন দেখে আমি তাঁকে ডেকেছিলাম। তাঁর হাত ধরে পুলিশ একটু জোরে মোচড় দিয়েছে; তাই তিনি (আসামি) ব্যাথা পেয়েছেন। তবে তাঁর হাত আগেই ভাঙা ছিল।’ সাংবাদিকেরা কনস্টেবল নজরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল হয়েছে।’ পরে নজরুল একজন আইনজীবী নিয়ে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হাজির হয়ে এ খবর প্রকাশ না করার জন্য এই প্রতিবেদককে অনুরোধ জানান। আদালত পুলিশের পরিদর্শক আনিসুর রহমান বলেন, তিনি বৈঠকে ছিলেন। তবে ঘটনাটি শুনেছেন। খোঁজ না নিয়ে বিস্তারিত বলতে পারবেন না। তবে হাজতে খাবার দিতে ২০০ টাকা নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এরকম কিছু তিনি শোনেননি।