রাজশাহীর ইন্টার্ন চিকিত্সকদের বিরুদ্ধে কী ব্যবস্থা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যেসব ইন্টার্ন চিকিত্সক চিকিত্সাসেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালককে ২৫ মের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাসেবা দিতে অস্বীকৃতি নিয়ে ইংরেজি দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

কোন ক্ষমতা বলে ইন্টার্ন চিকিত্সকেরা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তা জানতে চেয়েছেন আদালত।

চিকিত্সাসেবা দিতে অস্বীকৃতি জানানোয় চিকিত্সক হিসেবে তাদের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিএমডিসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।