রাজশাহীর উদ্দেশে ছেড়ে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে নভোএয়ারের একটি বিমান গতকাল সোমবার সকালে ফের ঢাকায় অবতরণ করেছে। পরে যাত্রীদের অপর একটি বিমানে করে রাজশাহীতে পাঠানো হয়েছে। ওই ফ্লাইটে রাজশাহীর এক সাংসদসহ ৩০ জন যাত্রী ছিলেন।
নভোএয়ার সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে বিমানটি আকাশে ওড়ে। কিন্তু যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে চালক বিমানটি নিয়ে রাজশাহী না এসে কিছুক্ষণ আকাশে থেকে ফের ঢাকায় গিয়ে অবতরণ করেন। হেদায়েত নামের একজন যাত্রী বলেন, বিমানে প্রকৌশলীদের কথাবার্তা থেকে তাঁরা জানতে পেরেছেন, যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও তাঁরা বিমানটি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তিনি বলেন, সবাই ধারণা করে নিয়েছিলেন যে বিমানটি বিধ্বস্ত হচ্ছে। যাত্রীরা কান্নাকাটি শুরু করেছিলেন। নভোএয়ারের স্টেশন ব্যবস্থাপক শমেন বলেন, সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে চালক আকাশে ওড়ার ১৫ মিনিট পর বিমানটি নিয়ে ফের ঢাকায় অবতরণ করেন। এতটুকু ত্রুটি নিয়ে চালক ইচ্ছে করলে বিমানটি নিয়ে রাজশাহী আসতে পারতেন। কিন্তু তিনি অতিরিক্ত সতর্কতার জন্য ফিরে গেছেন।