রাজশাহীর উদ্যোগ অনুসরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল মিডিয়া আড্ডা’। আড্ডার বিষয় হলো—আম। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগসহ ছয়টি জেলায় একযোগে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে রাসায়নিকমুক্ত আম বাজারজাতকরণে রাজশাহী জেলা প্রশাসনের গৃহীত উদ্যোগ অন্যান্য জেলায় অনুসরণ করতে বলা হয়েছে।
আম নিয়ে এই আড্ডা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সঞ্চালনা করেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তাঁর সঙ্গে ছিলেন সচিব সুরাইয়া বেগম। মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ের পক্ষে আড্ডায় অংশ নেন এই বিভাগের ও কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। আর নিজ নিজ এলাকা থেকে অংশ নেন রাজশাহী ও খুলনা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও আবদুস সামাদ; রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার জেলা প্রশাসক এবং আমচাষি ও ব্যবসায়ীরা।
বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে সোশ্যাল মিডিয়ার এই আড্ডা। সোশ্যাল মিডিয়ায় আম নিয়ে এ ধরনের আড্ডা এটাই প্রথম বলে দাবি করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন। আলোচনার শুরুতে তিনি এবং জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘আমের ফাঁস থেকে মুক্তি পাচ্ছেন কৃষক’ শীর্ষক প্রতিবেদনটির ব্যাপারে মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তখন এই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রাজশাহীর মতো করে সব জেলায় আম পরীক্ষা করে চাষিদের সনদ দেওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব। আমচাষিরা যাতে আম নিয়ে পথে পথে হয়রানির শিকার না হন, সে জন্য রাজশাহী জেলা প্রশাসনের দৃষ্টান্ত অনুসরণ করে ব্যবসায়ীদের সনদ দেওয়ার নির্দেশনা দেন তিনি। এ সময় রাজশাহী থেকে অংশ নেওয়া আলোচকেরা কাঁচা-পাকা সব ধরনের আমেরই বিভিন্ন ব্যবহার রয়েছে বলে উল্লেখ করেন। এগুলোর ব্যাপারে তাঁরা চাষিদের সহযোগিতা দিতে বলেন। আলোচকেরা বলেন, আমে এখন ফরমালিন দেওয়া হচ্ছে না। পাকানোর জন্য কার্বাইড ও রং করার জন্য ইথফিন-জাতীয় ওষুধ ব্যবহার করা হতে পারে। এটাই ফরমালিন হিসেবে ব্যাপক প্রচার পেয়েছে। একজন বিশেষজ্ঞ বলেন, আমে ফরমালিন দেওয়া হলে ৫৫ সেকেন্ডের মধ্যেই তা উবে যায়। পরীক্ষায় তা ধরা পড়ার কথা নয়।
উল্লেখ্য, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে গত মঙ্গলবার থেকে রাজশাহীতে আমের আড়তে আম পরীক্ষা করে চাষিদের সনদ দেওয়া শুরু হয়েছে। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত পরীক্ষা চলছে। এই তিন দিনে কোথাও আমে রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েনি। জেলা প্রশাসনের গৃহীত এই উদ্যোগের প্রশংসা করে রাজশাহীর মতো করে সব জেলায় আম পরীক্ষা করে চাষিদের সনদ দেওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব।
রাজশাহী বিভাগীয় কমিশনার জানান, রাসায়নিকমুক্ত আম উৎপাদন ও বাজারজাতকরণের ব্যাপারে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এতে তিনি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে একটি ‘সোশ্যাল মিডিয়া আড্ডা’র আয়োজন করতে বলেন। ফেসবুকে এটা দেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মিন্ত্রপরিষদ বিভাগ, খুলনা বিভাগীয় কমিশনারসহ অন্য জেলা প্রশাসকেরা আগ্রহ প্রকাশ করেন।