রাজশাহীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ আহ্বান জানান। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে উন্নয়নের ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক গোলাম সাব্বির সাত্তার। বৈঠকে বিশিষ্টজনেরা বলেন, স্বাধীনতার এত বছর পরও রাজশাহী অঞ্চলে টেক্সটাইল ও জুট মিল ছাড়া কোনো বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অন্য যে দু-একটি বড় শিল্পপ্রতিষ্ঠান আছে, তাও বন্ধের উপক্রম হয়েছে। এতে এই অঞ্চলে কর্মসংস্থানের চরম সংকট দেখা দিয়েছে। জেলায় কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি ডুয়েলগেজ রেললাইন, বিদ্যুৎ ও গ্যাস-সুবিধার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা। সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বৈঠকে রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম, আনসার আলী, জামাত খান, মোসাদ্দেক হোসেন, শফিকুল ইসলাম, বেলাল আহম্মেদ, কল্পনা রায়, ফজলুল হক, এন্তাজুল হক প্রমুখ বক্তব্য দেন।