রাজশাহীর উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবেন বিভাগীয় কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা l ছবি: প্রথম আলো
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা l ছবি: প্রথম আলো

গঙ্গা ব্যারাজ নির্মাণ, উত্তর রাজশাহী সেচ প্রকল্প ও সিএনজি স্টেশন স্থাপনসহ রাজশাহীর উন্নয়ন রক্ষা সংগ্রাম পরিষদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।
গতকাল সোমবার রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার। তিনি আশ্বাস দিয়ে বলেন, দাবিগুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ে তিনি যোগাযোগ করছেন। প্রধানমন্ত্রীর কাছেও রাজশাহীর উন্নয়ন নিয়ে অনেক প্রস্তাব দিয়েছেন।
পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় রাজশাহীর উন্নয়নে ১৪ দফা দাবি তুলে ধরেন পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান। সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেনও মতামত ব্যক্ত করেন। দাবি বাস্তবায়নের সম্ভাব্যতা তুলে ধরে বক্তব্য দেন পরিষদের নেতারা। তাঁরা বলেন, কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের মানুষ পানির কষ্টে আছে। এ পরিস্থিতিতে গঙ্গা ব্যারাজ প্রকল্প জরুরি ভিত্তিতে বাস্তবায়ন দরকার।
পরিষদের উপস্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে বন্ধ গ্যাসলাইন সংযোগ চালু, রাজশাহী থেকে চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালু, কৃষিভিত্তিক ইপিজেড ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ক্রিকেটের টেস্ট ভেন্যু স্থাপন এবং পদ্মার চরে সরকারিভাবে অর্থনৈতিক অঞ্চল স্থাপন। বিজ্ঞপ্তি।