রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার আসছেন। তিনি আজ সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে পবা উপজেলার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেবেন। সেখান থেকে তিনি রাজশাহীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
এদিকে রাজশাহীর উন্নয়নে ২০১১ সালে প্রধানমন্ত্রীর কাছে ১৪ দফা দাবি জানিয়েছিল রাজশাহী আওয়ামী লীগ। যার মধ্যে দুটি দাবি বাস্তবায়নের পথে, অগ্রগতি হয়েছে কয়েকটির ক্ষেত্রে। ছয় বছর পর প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে আগের সাত দফাসহ ১৫ দফা দাবি উপস্থাপন করবে রাজশাহী আওয়ামী লীগ।
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সভায় গত মঙ্গলবার রাতে এই ১৫ দফা দাবি চূড়ান্ত করা হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ওই ১৫ দফার মধ্যে ২০১১ সালের সাত দফা আছে। এগুলো হচ্ছে রাজশাহীর বন্ধ রেশম কারখানা চালু করা, গোদাগাড়ী থেকে বাঘা উপজেলা পর্যন্ত পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহীতে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন, গোদাগাড়ীর রাজাবাড়িহাটে একটি ভেটেরিনারি কলেজ স্থাপন, রাজশাহী-ঢাকা ননস্টপ ট্রেন চালু করা ও একনেকে অনুমোদন হওয়া রাজশাহী বিকেএসপি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠা করা। নতুন দাবিগুলো হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী চিনিকলের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ, বঙ্গবন্ধু সেতু থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়ন ও সেখান থেকে কার্গো বিমান চালু, রাজশাহীতে আরও একটি সরকারি বালক ও একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণি থেকেই ভর্তিপ্রক্রিয়া চালু, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আবদুলপুর পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন স্থাপন, গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রকে থানা হিসেবে প্রতিষ্ঠা এবং বর্ষায় ক্ষতিগ্রস্ত রাজশাহীর সড়কগুলোর দ্রুত মেরামত করা।
নগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু বলেন, ১৫ দফা দাবির আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে ১১ দফা দাবি তুলেছে রাজশাহী শিল্প ও বণিক সমিতি। যার মধ্যে পাঁচটি দাবির সঙ্গে আওয়ামী লীগের উত্থাপিত দাবির মিল আছে। রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ১৮ দফা দাবি উত্থাপন করেছে। যার মধ্যে কয়েকটি দাবি আওয়ামী লীগ ও বণিক সমিতির দাবির সঙ্গে মিল আছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। দাবিগুলো পূরণ হলে রাজশাহীর চিত্র বদলে যাবে। তাই আজকে সবাই তাকিয়ে থাকবেন প্রধানমন্ত্রীর জনসভার দিকে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজশাহী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। মিছিল, মিটিং, মাইকিং, ব্যানার, পোস্টারে সরগরম রাজশাহী। প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহী ও আশপাশের জেলা থেকে প্রায় ৫ লাখ লোকের সমাগম ঘটানোর আশা করছে আওয়ামী লীগ।