রাজশাহীর উন্নয়নে ১৯ দফা, বরাদ্দ চেয়ে স্মারকলিপি
উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নসহ রাজশাহী অঞ্চলের উন্নয়নে ১৯ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এসব দাবি বাস্তবায়নে আগামী বাজেটেই অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানান তাঁরা। গতকাল রোববার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপির অনুলিপি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরেও পাঠানো হয়েছে। এর আগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভা হয়। পরিষদের সহসভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, উপদেষ্টা রুহুল আমিন প্রামাণিক, মঞ্জুর হাসান, সমাজসেবক বজলে রেজবি আল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, সুভাষ চন্দ্র হেমব্রম, জামিল হোসেন, আলাউদ্দিন শেখ, আলাউদ্দিন আল আজাদ, এম এফ হোসেন, ব্যবসায়ী জসিম উদ্দিন ও আলী রেজা প্রমুখ। এ সময় জেলা প্রশাসক আবদুল হান্নান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেওয়ান মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহীর উন্নয়নের স্বার্থে ১৯ দফা বাস্তবায়নে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে: রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়কে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, গঙ্গা ব্যারাজ নির্মাণ, পদ্মায় ক্যাপিটাল ড্রেজিং, বাঘা-চারঘাট-রাজশাহী শহর রক্ষা বাঁধ, গোদাগাড়ী উপজেলাসহ পদ্মা নদীর তীর সংরক্ষণের অসমাপ্ত কাজ শেষ করা, চলনবিল এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, বিলহালতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দর চালু করা, নতুন শিল্পনগর ঘোষণা, পূর্ণাঙ্গ টিভি স্টুডিও চালু, রাজশাহী-ঢাকা দিবা ও নৈশ ট্রেন সার্ভিস চাল উল্লেখযোগ্য। স্মারকলিপিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়, বৃহত্তর রাজশাহীর স্বার্থে আগামী বাজেটেই অতিরিক্ত বরাদ্দ দিয়ে এসব প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা দরকার। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই দাবিগুলো বাস্তবায়নে আগামী বাজেটেই অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে এই অঞ্চলকে বাঁচানোর জোর দাবি জানানো হয়।