রাজশাহীর চার উপজেলায় হরতালে ট্রাক ভাঙচুর
রাজশাহীর চারটি উপজেলায় আজ বুধবারের সকাল-সন্ধ্যা হরতালে চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুরসহ রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। হরতালকারীরা সকালে পুঠিয়ার বানেশ্বরে দুটি ট্রাক ভাঙচুর করেছে।
চারঘাট উপজেলার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু সাঈদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তেঁতুলিয়া থেকে ডালবোঝাই একটি ট্রাক পুঠিয়ার বানেশ্বর বাজারের দিকে আসছিল। ট্রাকটি বাজারের কালহাটা এলাকায় পৌঁছালে হরতালকারীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হরতালের সমর্থকেরা পালিয়ে যায়। হামলার আগে বানেশ্বর বাজারে হরতালকারীরা বিক্ষোভ মিছিল করে।
বেলা ১১টার দিকে পুঠিয়ার বানেশ্বর বালিকা বিদ্যালয়ের পাশে হরতালকারীরা বানেশ্বর থেকে চারঘাটগামী একটি ট্রাকে হামলা চালায়। তবে হামলাকারীরা ট্রাকটি আটকাতে পারেনি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, হামলায় ট্রাকের চালক রবিউল ইসলাম ও তাঁর সহযোগী আজগর আলী আহত হন। স্থানীয়ভাবে তাঁদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
ট্রেনের ফিশপ্লেট খুলে ফেলা ও অবরোধের মধ্যে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা দুটি মামলায় চারঘাট উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা আবু সাঈদের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল মঙ্গলবার রাজশাহীর আদালতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে ট্রেনে আগুন ও কলেজ পোড়ানোর অভিযোগে আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।