রাজশাহীর চার পৌরসভায় বিএনপিতে বিদ্রোহী প্রার্থী
রাজশাহীর চার পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। এর মধ্যে গতকাল বুধবার রাজশাহীর বাঘায় সংবাদ সম্মেলন করে দুজন প্রার্থী দল ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা বলছেন, জিতে প্রমাণ করবেন তাঁরা যোগ্য প্রার্থী। তাঁদের জায়গায় যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির রাজনীতিতে তাঁদের কোনো অবদান নেই।
বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তাহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি এস এম আরিফুল ইসলাম। এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মো. শামসুর রহমান। কাঁটাখালী পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। এখানে মনোনয়ন পেয়েছেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা। নওহাটায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এখানে দলের মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন ও আড়ানী পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম। এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন।
গতকাল দুপুরে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন এস এম আরিফুল ইসলাম। এ ছাড়া আড়ানীতে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থী নজরুল ইসলাম।
কাঁটাখালী পৌরসভায় দলের মনোনয়ন না পেলেও প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, গত নির্বাচনে চারদলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী ছিলেন জামায়াতের নেতা মাজেদুর রহমান। সেবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মাত্র ৫২ ভোটের ব্যবধানে হেরেছিলেন।
নওহাটা পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হচ্ছেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদে তিনি (রফিকুল ইসলাম) মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তখন এই প্রার্থী আনন্দে মিষ্টি বিতরণ করেছিলেন। তিনিও বলেন, পাস করে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাবেন।
আড়ানী পৌরসভার বর্তমান মেয়র নজরুল ইসলাম গতকাল বিকেলে আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, দলীয় প্রতীক না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।