রাজশাহীর ডেন্টাল ইউনিট কলেজ হয়নি ২১ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ডেন্টাল কলেজের জন্য ভৌত অবকাঠামো তৈরি করা হয়েছে। অথচ ঘোষণার ২১ বছরেও কলেজটি চালু হয়নি। রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট হিসেবেই চলছে এর কার্যক্রম। শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি হয়নি। প্রেষণে নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষক দিয়ে ইউনিটটি চালানো হচ্ছে। শিক্ষার্থী অনুপাতে এখানে প্রায় ৫০টি চেয়ার দরকার হলেও রয়েছে মাত্র ১২টি। আবার তার অর্ধেকই বিকল হয়ে আছে। দুজন কর্মচারীকে শিক্ষক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা খরচ দিয়ে রাখেন। ডেন্টাল ইউনিট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে সরকার রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজের ঘোষণা দেয়। তখন রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের পাশাপাশি বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্স চালু করা হয়। কিন্তু ক্লাস করার কোনো জায়গা ও শিক্ষক-কর্মচারী ছিল না। এ অবস্থায় ১৯৯৪ সালে ডেন্টাল ইউনিটকে রাজশাহী সদর হাসপাতালের জায়গায় স্থানান্তর করা হয়। গত বছর কলেজের জন্য দোতালা একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ২০০৫ সালে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যা ২০ থেকে ৫০-এ উন্নীত করা হয়। কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি করা হয়নি শিক্ষক-কর্মচারীর পদ। বর্তমানে এই ইউনিটে ১৪ জন শিক্ষক রয়েছেন। তাঁরা সবাই বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রেষণে এসে কাজ করছেন। শিক্ষার্থীরা বলেন, এখানে নয়টি বিভাগে কমপক্ষে ৫০ জন শিক্ষক থাকা দরকার। শিক্ষানবিশেরা বলেন, তাঁদের বেশকিছু রাসায়নিক দ্রব্যের প্রয়োজন পড়ে, যেগুলো সরকারিভাবে পাওয়ার কথা। কিন্তু সেগুলো তাঁদের নিজের টাকা দিয়েই কিনতে হয়। তাঁরা বলেন, এখানে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে অনেক সময় অস্ত্রোপচার বন্ধ করে বসে থাকতে হয়। বর্তমানে নিয়মিত চার ব্যাচ ও একটি পরীক্ষার্থী ব্যাচসহ ডেন্টাল ইউনিটে ২৫০ জন শিক্ষার্থী রয়েছেন এবং আগের কিছু শিক্ষানবিশ চিকিৎসকও রয়েছেন।ডেন্টাল ইউনিটে চেয়ার রযেছে মাত্র ১২টি। এগুলো হলো ওর‌্যাল সার্জারি বিভাগে তিনটি, শিশু দন্ত বিভাগে তিনটি, কনজারভেটিভ বিভাগে তিনটি ও প্যারিওডেন্টোলজি বিভাগে দুটি এবং একটি প্রস্থডন্টিকস। এর মধ্যে সাতটি চেয়ার একেবারেই ব্যবহার-অনুপোযোগী। ওরাল সার্জারি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষানবিশ চিকিৎসক বলেন, তাঁদের বিভাগে সপ্তাহে দুই দিন অস্ত্রোপচার করা হয়। কিন্তু তিনটি চেয়ারের মধ্যে দুটিই নষ্ট। তাই তাঁরা ইচ্ছা করলেও সব রোগীর চিকিৎসা দিতে পারেন না। এ জন্য অনেক দিন পর পর তাঁদের অস্ত্রোপচারের দিন ধার্য করতে হয়। এতে রোগীরা মনে করেন, তাঁদের হয়রানি করা হচ্ছে। ডেন্টাল ইউনিটের প্রধান ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান চৌধুরী এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এখানে একটি ডেন্টাল কলেজের পুরো ভৌত অবকাঠামো তৈরি করা হয়েছে। অথচ কোনো শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি করা হয়নি। এখানে প্রতিটি বিভাগে ন্যূনতম একজন করে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও কয়েকজন করে প্রভাষক থাকা জরুরি। ঢাকা ডেন্টাল কলেজে একটি বিভাগেই ৩০-৪০ জন করে শিক্ষক-কর্মচারী রয়েছে। অথচ এখানে প্রেষণে আসা মাত্র চারজন সহকারী অধ্যাপক ও আটজন প্রভাষক দিয়ে পুরো ইউনিট চালানো হচ্ছে।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, ‘আমরা এই কলেজটির জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি।’ অবিলম্বে শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি করে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজটি চালু করার দাবি জানান তিনি।