রাজশাহীর তিনটি ক্লিনিক সিলগালা এক মালিকের কারাদণ্ড
রাজশাহী নগরে অভিযান চালিয়ে গত রোববার বিকেলে তিনটি ক্লিনিক সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটির মালিককে সাত দিনের কারাদণ্ড দেন। নগরের লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।র্যাব সূত্রে জানা গেছে, রাজশাহীর সিভিল সার্জন অফিস ও র্যাবের সহযোগিতায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। তাঁর সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন সালেহীন ও মোবাশ্বেরুল ইসলাম।নগরের লক্ষ্মীপুর এলাকার অ্যাপোলা নার্সিং হোম, আল শেফা ডায়াগনস্টিক সেন্টার ও দ্য প্যাথলজি সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে এ তিন ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এগুলোর মধ্যে দ্য প্যাথলজি সেন্টারের কোনো সনদপত্র না থাকায় এর মালিক খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। অন্যদিকে, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক ও কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিকের মালিকের অর্থদণ্ডসহ সেগুলো সিলগালা করে দেওয়া হয়।