রাজশাহীর দুই পুলিশ সদস্য শঙ্কামুক্ত
রাজশাহীতে অবরোধ চলাকালে পিকেটারদের পিটুনিতে মাথায় গুরুতর আঘাত পান পুলিশের দুই সদস্য (কনস্টেবল)। তঁাদের মধ্যে একজনের হাত ভেঙে যায়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, তাঁদের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে তাঁরা শঙ্কামুক্ত।
৬ জানুয়ারি দেশব্যাপী অবরোধ ও রাজশাহীতে হরতাল চলাকালে বন্দুক কেড়ে নিয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনকে অবরোধকারীরা পিটিয়ে জখম করে। পরে তাঁদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
এর মধ্যে শফিকুল ইসলামের মাথা গুরুতর জখম হয়। তাঁর একটি হাতও ভেঙে যায়। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ও পরের দিন অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে আবার তাঁকে নিউরোসার্জারি বিভাগে আনা হয়েছে।
গতকাল শনিবার শফিকুল ইসলাম বলেন, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অন্যদিকে আমজাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিন পর রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। যোগাযোগ করা হলে তিনি বলেন, মাথায় আঘাতের কারণেই তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।