রাজশাহীর নয়টি আদালতে বিচারক নেই
রাজশাহীর নয়টি আদালতে বিচারক নেই। এতে বিচার কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। আর বিচারপ্রার্থীরা ফিরে যাচ্ছেন। এসব আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন। এ ব্যাপারে গত সোমবার আইনজীবীরা সভা করে অতিসত্বর আদালতগুলোয় বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন।আদালত সূত্রে জানা গেছে, বছর খানেক আগে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বদলি হওয়ার পর থেকে ওই আদালতে কোনো বিচারক নেই। ছয় মাস আগে অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম বদলি হয়েছেন। গত ৮ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বদলি হয়েছেন। তারপর ওই আদালতে কোনো বিচারক যোগদান করেননি। মাস খানেক আগে জননিরাপত্তা আদালতের বিচারক অবসরে গেছেন। সেখানেও কোনো নতুন বিচারক যোগদান করেননি।তিনটি অতিরিক্ত যুগ্ম জজ আদালতের একটিতেও বিচারক নেই। ১ ও ৩ নম্বর আদালতের বিচারকেরা প্রায় তিন মাস আগে বদলি হয়েছেন। আর ২ নম্বর আদালতের বিচারক গত ৩১ জুলাই বদলি হয়েছেন। সেখানে আর কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। রাজশাহী জেলা ও দায়রা জজ গত ২৮ জুন অবসরে যাওয়ার পর তাঁর আদালতে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। রাজশাহী মহানগর মুখ্য হাকিম গত ১২ জুলাই মারা গেছেন। তাঁর স্থলে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে প্রায় সাড়ে ছয় হাজার ফৌজদারি এবং প্রায় ১৪ হাজার দেওয়ানি মামলা বিচারাধীন। মহানগর মুখ্য হাকিম আদালতে বিচারাধীন প্রায় এক হাজার ২০০ মামলা। তিনটি অতিরিক্ত যুগ্ম জজ আদালতে রয়েছে আরও প্রায় এক হাজার ২০০ মামলা।চাঁপাইনবাবগঞ্জের সাইফুল ইসলাম গত মঙ্গলবার বলেন, গত ১৯ জুন থেকে তিনি তাঁর আত্মীয়ের জামিনের অপেক্ষায় আছেন। জেলা জজ আদালতে মামলার শুনানির পর তাঁর জামিনের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। অথচ বিচারক না থাকায় তাঁর আত্মীয় হাজতে পড়ে আছেন।আইনজীবী খুরশীদ আলমও তাঁর এক মক্কেলের ব্যাপারে একই ধরনের অভিযোগ করেন।গত সোমবার রাজশাহী বার সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি নাজমুস সাদাতের সভাপতিত্বে সাধারণ সভা হয়। সভায় আইনজীবী মোজাম্মেল হক, মাইনুল আহসান, সিরাজী শকত সালেহীন পারভেজ, তৌফিক জাহেদী প্রমুখ বক্তব্য দেন।বক্তারা জরুরি ভিত্তিতে আদালতগুলোয় বিচারক নিয়োগের দাবি জানান। তাঁরা বলেন, রাজশাহী বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও জেলা জজসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন আদালতের নয়জন বিচারক না থাকায় বিচারব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। তাঁরা আরও বলেন, বিশেষ করে দীর্ঘদিন ধরে জেলা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।