পদ্মা পাড় দখল মুক্তসহ ৭ দফা দাবিতে রাজশাহী মেয়রকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার পাড় দখল করে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান। সম্প্রতি বড়কুঠি বিনোদনকেন্দ্র এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
পদ্মার পাড় দখল করে গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠান। সম্প্রতি বড়কুঠি বিনোদনকেন্দ্র এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

দখল আর দূষণমুক্ত করে পদ্মার পাড়ের পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও সৌন্দর্য সুরক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ (সাত) দফা দাবি জানিয়েছেন রাজশাহীর স্থানীয় তরুণদের সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস।

গত বুধবার (৯ অক্টোবর) রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক ও রাজশাহীর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে পৃথক স্মারকলিপি প্রদান করে ইয়্যাসের সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, সবুজ ও নির্মল বায়ুর শহর শিক্ষানগরী রাজশাহী। শহরের প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত পদ্মার পাড়। বড়কুঠি থেকে বুলনপুর ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে রাজশাহীর পদ্মার পাড়। শুধু স্থানীয়রাই নয়, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষগুলোও পদ্মার পাড়ে আসে বিনোদনের জন্য। বছরজুড়ে বিনোদনপ্রেমীদের সরব উপস্থিতি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত পদ্মার পাড় মুখর থাকে দর্শনার্থীদের পদচারণে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, দুঃখজনক হলেও সত্য যে, স্বাভাবিক বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য সংকটে পর্যটন এলাকা পদ্মার পাড়। একদিকে স্থানীয় কিছু অসাধু মানুষের দৌরাত্ম্যের প্রভাবে পদ্মার পাড়ের বিভিন্ন স্থান দখল করে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে পদ্মার পাড়ের বিভিন্ন স্থানে নদীসংলগ্ন শহররক্ষা বাঁধের ওপর এবং দুই পাশে চলছে গরু, ছাগল এবং ভেড়া পালন, মেলে দেওয়া হচ্ছে কাপড় আর বিভিন্ন প্রবেশমুখে ময়লা–আবর্জনার স্তূপ। ব্যবসায়ীদের জায়গা দখল আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পদ্মার পাড়ে বিনোদনের জন্য বেড়াতে আসা দর্শনার্থীরা নির্মল বিনোদন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, পদ্মার পাড়ের পাঠানপাড়ার লালনশাহ মুক্তমঞ্চ চত্বরসহ বিভিন্ন স্থানগুলোতে সম্প্রতি স্থানীয় বখাটে ও মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কয়েকজন নারী উন্নয়নকর্মী মুক্তমঞ্চ এলাকাতে বেড়াতে গিয়ে স্থানীয় বখাটেদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন।

পুরো পদ্মার পাড়জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাদামওয়ালা, চা-কফির দোকানসহ বিভিন্ন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে নষ্ট হচ্ছে পদ্মার পাড়ের সৌন্দর্য। এসব ব্যবসায়ীর দৌরাত্ম্যে ভ্রমণপিপাসুরা অসহায়। তাঁরা পাড় দখলে নিয়েছেন চেয়ার পেতে। পদ্মার পাড় ঘিরে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এসব ব্যবসায়ীর উৎপাতে। পুরো পাড় জুড়ে চেয়ারের সারি। পাড়সংলগ্ন রাস্তায় চেয়ার বসিয়ে চলাফেরা করা তো দূরে থাক, অনেক জায়গায় বসার জায়গা পর্যন্ত রাখা হয়নি।

পদ্মার বালুচরে ভ্রমণপিপাসুরা। ছবিটি ৭ জুন তোলা। ছবি: বি এম জুনায়েদ আমিন শুভ্র
পদ্মার বালুচরে ভ্রমণপিপাসুরা। ছবিটি ৭ জুন তোলা। ছবি: বি এম জুনায়েদ আমিন শুভ্র

স্মারকলিপিতে বলা হয়েছে, মহানগরীর পদ্মা গার্ডেন থেকে টি-বাঁধ (টি-গ্রোয়েন) পর্যন্ত নদীর পুরো পদ্মার পাড় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। হকার আর ব্যবসায়ীদের নৈরাজ্যে কোথাও স্বস্তি মেলে না। চেয়ার পেতে ইচ্ছেমতো দখলে নিয়েছেন পদ্মার পাড়। নিরিবিলি বসে থাকা তো দূরের কথা, হেঁটে যাওয়ার মতো রাস্তাও নেই। যদি কেউ যেতে চান, তাহলে যেতে হবে চেয়ার ডিঙিয়ে। ফলে বাধ্য হয়ে মানুষ এসব চেয়ারে বসেন। কিন্তু এসব চেয়ারে বসলেই দিতে হয় টাকা। জনপ্রতি ২০-৫০ টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে চেয়ারে বসার জন্য। শুধু তা–ই নয়; ভ্রাম্যমাণ দোকান থেকে পণ্য কিনতেও বাধ্য করা হচ্ছে চেয়ারে বসা মানুষদের। টাকা দিতে ও পণ্য কিনতে অস্বীকৃতি জানালে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে। অনেক সময় শারীরিকভাবেও লাঞ্ছিত করছে বলেও অভিযোগ রয়েছে বলে তরুন সংগঠন ইয়্যাসের পক্ষ থেকে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে।

পদ্মার পাড়ের সবচেয়ে জনপ্রিয় স্থান বড়কুঠি পদ্মা গার্ডেনের প্রবেশমুখে রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের ময়লা–আবর্জনার ভাগাড় আছে। এ কারণে বিনোদনপ্রেমীদের পদ্মা গার্ডেনে (ওডভার মুনক্সগার্ড পার্ক) আসা–যাওয়ার সময় ময়লা–আবর্জনার পচা দুর্গন্ধ পোহাতে হয়। যা একদিকে পরিবেশ দূষিত করছে, অন্যদিকে পর্যটকদের ভোগান্তিতে ফেলছে এবং সব মিলিয়ে পর্যটন স্থান পদ্মার পাড় স্বাভাবিক বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য হারাচ্ছে।

স্মারকলিপিতে থাকা সাত দফা দাবিগুলো হলো
১.
সমগ্র পদ্মার পাড়জুড়ে থাকা সব ভ্রাম্যমাণ ও স্থায়ী–অস্থায়ী ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের দখল উচ্ছেদ করতে হবে এবং সমগ্র পদ্মার পাড়কে দখলমুক্ত নিশ্চিত করতে হবে
২.
সমগ্র পদ্মার পাড় দখলমুক্ত রাখার জন্য দখলকারী বা পর্যটক–দর্শনার্থীদের চলাচলে বাধাবিঘ্ন সৃষ্টিকারীদের জরিমানা ও কারাদণ্ড–শস্তির ব্যবস্থা করতে হবে এবং তা কার্যকর করতে হবে
৩.
পদ্মার পাড়ের পাঠানপাড়ার লালনশাহ মুক্তমঞ্চ চত্বরসহ বিভিন্ন স্থানগুলোতে মাদকসেবী ও বখাটেদের উৎপাত অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে
৪.
পদ্মার পাড়ে পর্যটক–দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে রাজশাহী সিটি করপোরেশন–জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তাপ্রহরী মোতায়েন করতে হবে। পদ্মার পাড়জুড়ে ক্লোজসার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করতে হবে। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বৃদ্ধি করতে হবে
৫.
পদ্মার পাড়ে পর্যটক–দর্শনার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণ নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। এ ছাড়াও পদ্মার পাড়ে বিগত সময়ে নির্মিত বিভিন্ন স্থাপনার যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করতে হবে। পাশাপাশি অসম্পূর্ণ নির্মাণকাজগুলোকে সম্পূর্ণ করতে হবে
৬.
সমগ্র পদ্মার পাড় ও নদীর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বজায় রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক ফেলা নিশ্চিত করতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ও প্লাস্টিক ফেলা কঠোরভাবে বন্ধ করতে হবে
৭.
পদ্মার পাড়ে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি চরানো, বিভিন্ন স্থানে কাপড়সহ অন্যান্য জিনিস শুকানো কঠোরভাবে বন্ধ করতে হবে। এ ছাড়াও পদ্মা গার্ডেনের প্রবেশমুখে থাকা রাজশাহী সিটি করপোরেশনের ময়লা–আবর্জনার ভাগাড় অবিলম্বে অপসারণ করতে হবে।

পদ্মার পাড়ে এলে নৌকায় ঘোরেন ভ্রমণপিপাসুরা। ছবিটি ৭ জুন তোলা। ছবি: বি এম জুনায়েদ আমিন শুভ্র
পদ্মার পাড়ে এলে নৌকায় ঘোরেন ভ্রমণপিপাসুরা। ছবিটি ৭ জুন তোলা। ছবি: বি এম জুনায়েদ আমিন শুভ্র

ইয়্যাসের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক এবং পরিবেশবিষয়ক সম্পাদক সুবাস কুমার শুভ এবং সদস্য রিনা খাতুন স্মারকলিপি প্রদান করেন।

এ প্রসঙ্গে ইয়্যাসের সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওন বলেন, ‘আমরা চাই না রাজশাহীর পর্যটনকেন্দ্রগুলো দখল আর দূষিত হয়ে যাক। তাই পদ্মার পাড়ের পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও সৌন্দর্য সুরক্ষায় দখল ও দূষণমুক্ত এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছি।’ স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে দাবি বাস্তাবায়ন করবে বলেও আশাবাদ প্রকাশ করেন শামীউল আলীম শাওন।