রাজশাহীর পি এন বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালুর দাবি
রাজশাহীর পি এন বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালুু করার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের জনতা অংশ নেয়। ২০০৯ সাল থেকে বিদ্যালয়ের এই দুটি শ্রেণী বন্ধ করে দেওয়া হয়েছে।মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন চিত্রশিল্পী আশফাকুল আশেকিন, মুক্তিযোদ্ধা পাঠাগারের সদস্য আমিনুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, নারীনেত্রী কল্পনা রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত সাহা, কমিউনিস্ট পার্টির মহানগরের সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক হারুন অর রশিদ, ওয়ার্কার্স পার্টির সদস্য দেবাশীষ প্রামাণিক প্রমুখ। বক্তারা বলেন, ১৪২ বছর আগে ১৮৮৬ সালে প্রমথনাথ রায় এই বিদ্যালয়টি স্থাপন করে প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালু করেন। তিনি দূরদূরান্তের শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় ভবন নির্মাণ করেন। সেই থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষা ব্যবস্থা চাল ছিল। বর্তমান প্রধান শিক্ষিকা শরমিন ফেরদৌস হ্যাপি শ্রেণী দুটি বন্ধ করে দেন। বক্তারা অবিলম্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালু করার দাবি জানান। অন্যথায় তাঁরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।