রাজশাহীর বরখাস্ত মেয়র বুলবুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে আত্মসমর্পণ করে নয়টি মামলায় জামিন আবেদন করেন তিনি। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বছর খানেক আত্মগোপনে থেকে গতকাল রোববার দুপুরে রাজশাহীর তিনটি আদালতে আত্মসমর্পণ করেন মোসাদ্দেক হোসেন। শুনানি শেষে একটি মামলার জামিন আবেদন মঞ্জুর ও আটটিতে নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলাগুলোর মধ্যে তিনটি মামলা নাশকতা ও দুটি সরকারি কাজে বাধাদান-সংক্রান্ত। চারটি বিস্ফোরক আইনে করা। আটটি মামলা করা হয় গত বছর ৫ জানুয়ারির পর বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে। অপরটি ২০১২ সালের ২২ এপ্রিল। মামলাজালে আটকে গত বছর ফেব্রুয়ারিতে আত্মগোপনে চলে যান মোসাদ্দেক হোসেন। একই বছর ৭ মে তাঁকে বরখাস্ত করা হয়।
মোসাদ্দেক হোসেনের আইনজীবী আলী আখতার মাসুম বলেন, দুপুর ১২টার দিকে মোসাদ্দেক মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধাদানের অভিযোগে করা এ মামলার অভিযোগ গঠনের সময় অনুপস্থিত থাকায় ৭ মার্চ বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।