রাজশাহীর বর্তমান ও সাবেক মেয়র জামিনে মুক্ত

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র ও দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক। রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় গত মাসে তাঁদের আটক করা হয়েছিল।
রাজশাহীর কেন্দ্রীয় কারাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান তাঁরা। আজ রোববার দুপুরে হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁদের মুক্তি দেয়া হয়।
এদিকে মুক্তি পাওয়ার পর দলের নেতা-কর্মীরা বিএনপির এই তিন নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখান থেকে নগরের ভুবন মোহন পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের গাড়িতে বোমা হামলা হলে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ নিহত হন। এ ঘটনায় ৮৫ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারি মোসাদ্দেক হোসেন, মিজানুর রহমান, শফিকুল হকসহ বিএনপির ৩৪ নেতা-কর্মী অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।