রাজশাহীর বাফার গুদামে এল জমাটবাঁধা সার

রাজশাহীর বাফার গুদামে ছেঁড়া-ফাটা বস্তায় এসেছে জমাটবাঁধা ইউরিয়া সার। অনেক বস্তায় নির্ধারিত ৫০ কেজির চেয়ে কম সার পাওয়া গেছে। গতকাল মঙ্গলবারই এ রকম ১ হাজার ৬০০ বস্তা সার এসেছে। স্থানীয় পরিবেশকদের আপত্তির মুখেও এই সার গ্রহণ করে গুদামে নামানো হয়।
গুদাম সূত্রে জানা গেছে, আপৎকালীন এই গুদাম থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পরিবেশকদের সার দেওয়া হয়। চীন থেকে আমদানি করা এই সার পোটন ট্রেডার্স ও বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল নামের দুটি প্রতিষ্ঠান গুদামে পৌঁছানোর দায়িত্ব পালন করছে। চারটি ট্রাকে সরবরাহ করা সারের তিনটি ট্রাক এসেছে বাঘাবাড়ী ঘাট থেকে এবং একটি ট্রাক এসেছে আমিনবাজার থেকে। প্রতি বস্তায় ৫০ কেজি থাকার কথা থাকলেও দু-তিন কেজি করে কম পাওয়া যাচ্ছে। কিছু বস্তায় ৪০-৪২ কেজিও রয়েছে। সেই সব সার আবার পাথরের মতো শক্ত হয়ে গেছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি ওসমান আলী বলেন, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে ফোন করে বলেছেন, তাঁরা এই সার আনলোড করবেন না। ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।
ওসমান আলী বলেন, ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সার ৭০০ টাকা করে তাঁদের কিনতে হচ্ছে। সর্বোচ্চ ৮০০ টাকায় এই সার বিক্রির অনুমতি রয়েছে। কিন্তু গতকাল গুদামে যে চার ট্রাক সার ঢুকেছে, তা কোনো দামেই কেনার মতো নয়। কৃষকেরা না কিনলে তাঁরা এই সার নিয়ে কী করবেন?
গতকাল দুপুরে রাজশাহী শহরের শিরোইল এলাকায় অবস্থিত বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এই গুদামে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে ট্রাকগুলো থেকে সার নামানো হয়েছে। বস্তাগুলো গুদামের আঙিনায় সাজিয়ে রাখা। কিছু সার নিয়ে যাওয়া হয়েছে গুদামের ভেতরে। সেখানে গিয়ে দেখা যায়, একটি বস্তা খোলা হয়েছে। ভেতরে সার পাথরের মতো শক্ত হয়ে বস্তার আকার ধারণ করে আছে। কোনো কোনো বস্তা ফেটে গেছে। ভেতরে পাথর ঢোকালে যে রকম উঁচুনিচু হয়ে থাকে, কোনো কোনো বস্তা সে রকম হয়ে আছে।

গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিককে পাওয়া যায়নি। কর্মচারীরা বলেন, তিনি ঢাকায়। আপাতত দায়িত্বে রয়েছেন হিসাবরক্ষক গোলাম কিবরিয়া। তিনি বলেন, এ ধরনের সার আর না পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। যেগুলো এসেছে, সেগুলোর বস্তা ভেঙে নতুন করে বস্তায় ভরা হবে। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, তিনি বাইরে আছেন। তাঁকে কেউ বিষয়টি জানায়নি। তিনি এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেবদুলাল ঢালী বলেন, বাফার গুদাম বিসিআইসির অধীনে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন নয়। তবে এই সার যখন উপজেলা পর্যায়ে যাবে, তখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে পরিবেশকেরা আগমনী বার্তা দেবেন। তাঁরা সেই অনুযায়ী সার বুঝে নেবেন। তিনি বলেন, জমাটবাঁধা সার কৃষকেরা কিছুতেই নেবেন না।