রাজশাহীর মানুষের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী প্রচারণায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শুক্রবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বেলা সাড়ে তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সঙ্গে কথা বলবেন।’
ইহসানুল করিম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সঙ্গেও কথা বলবেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত ১২ ও ১৩ জুলাই ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন।