রাজশাহীর মেয়রকে বরখাস্ত করতে পুলিশের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকে বরখাস্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানিয়ে বলা হয়, বিএনপি নেতা ও মেয়র মোসাদ্দেক হোসেন বোয়ালিয়া থানার পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলা তিনটি বিচারাধীন। তিনি মেয়র পদে কর্মরত থাকায় মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মদদদাতা ও নির্দেশদাতাও বটে। এ জন্য তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আজকালের মধ্যে স্থানীয় সরকার বিভাগে চিঠিটি পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগে রাজশাহী মহানগর পুলিশের দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরে মামলার নথিসহ ও তাঁর অবস্থান সম্পর্কে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। রাজশাহী মহানগর পুলিশের একটি সূত্র জানায়, মেয়র হওয়ার পর মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ ১৬টি মামলা হয়েছে। একটি বিস্ফোরক আইনে ও তিনটি মামলা হরতাল-অবরোধে যানবাহনে পেট্রলবোমা হামলার ঘটনায় করা। এসব মামলায় তিনি হুকুমের আসামি।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিএনপি জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে সিদ্ধার্থ সরকার প্রাণ হারান।