রাজশাহীর মেয়রকে বরখাস্তে পুলিশের তদবির

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকে বরখাস্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ রোববার পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর ও সিটি মেয়র মো. মোসাদ্দেক হোসেন বোয়ালিয়া থানার পাঁচটি মামলার এজাহার নামীয় আসামি। এর মধ্যে বর্তমানে তিনটি মামলা এমএম আদালত রাজশাহীতে সিএস পর্যালোচনার জন্য বিচারাধীন। তিনি মেয়র পদে কর্মরত থাকলে মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদদাতা ও নির্দেশদাতাও বটে। সেই পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে অনুরোধ করা হয়েছে। আজকালের মধ্যে স্থানীয় সরকার বিভাগে এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয় সূত্র।
মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে মামলার নথিপত্রসহ ও তাঁর অবস্থান সম্পর্কে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। রাজশাহী মহানগর পুলিশের একটি সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগরের সহসভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ এ পর্যন্ত ১৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরণ আইনে ও তিনটি মামলা বিএনপি জোটের হরতাল-অবরোধে যানবাহনের পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা। ওই মামলাগুলোতে তিনি হুকুমের আসামি।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিএনপি জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনে দায়ের করা দুটি মামলায় মেয়র মোসাদ্দেক হোসেন আসামি রয়েছেন।
এ ছাড়া বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালের মধ্যে গত ১৯ জানুয়ারি গভীর রাতে নগরের ভদ্রা এলাকায় বাসে পেট্রলবোমা হামলা, গত ২২ জানুয়ারি দুপুরে নগর ভবনের সামনে গাড়িবহরে পেট্রল ও হাতবোমা হামলা ও ২৫ জানুয়ারি গভীর রাতে কাপাশিয়ায় বাসে পেট্রল ও হাতবোমা হামলার ঘটনায় মামলায় মোসাদ্দেক হোসেনকে হুকুমের আসামি করা হয়েছে।