রাজশাহীর মেয়রকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহে ও শিল্প এলাকায় গ্যাস সংযোগসহ ২৩ দফা দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে স্মারকলিপি দিয়েছে। সম্প্রতি মেয়রের দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে পরিষদের নেতারা এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে রাজশাহী মহানগরে অবিলম্বে গৃহস্থালি কাজের জন্য গ্যাসের সংযোগ, শিল্প এলাকায় গ্যাসের লাইন স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাজশাহী মেডিকেল কলেজের নাম এ এইচ এম কামরুজ্জামানের নামে নামকরণ, পিএন স্কুলে প্রথম শ্রেণী চালু, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, রেশম কারখানা চালু, ডেন্টাল হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করা হয়েছে। এ সময় মেয়র বলেন, সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে এবং যেকোনো উন্নয়নের বিষয়ে কম গুরুত্ব দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর প্রতি সহানুভূতিশীল। তাঁর সহানুভূতির কারণেই বর্তমান সরকারের সময়ে রাজশাহীর উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। যার বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, রাজশাহীতে গ্যাস সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির গ্যাস সংযোগের কার্যক্রম শুরু হবে। মেয়র বলেন, উত্তর রাজশাহী সেচ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিনেও এ প্রকল্পটির বাস্তবায়ন হয়নি। এটি বাস্তবায়িত হলে মরুপ্রবণ এ অঞ্চলে চাষাবাদ, মৎস্য চাষসহ ব্যাপক উন্নয়ন সম্ভব হতো। বিষয়টি পুনরায় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বিসিক এলাকায় গ্যাস পাইপলাইন স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পিএন স্কুলে প্রাইমারি সেকশন চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সিটি করপোরেশন পরিচালিত লোকনাথ স্কুলে ‘মিড ডে মিল’ চালুর পর শিক্ষার্থীর উপস্থিতি এবং খেলাধুলার মান বৃদ্ধি পেয়েছে। অসচ্ছল পরিবারের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন ২১টি ওয়ার্ডে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রাজশাহীর উন্নয়নের স্বার্থে তাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মতবিনিময়কালে পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।