রাজশাহীর মৎস্য অবতরণ কেন্দ্র দখলের চক্রান্ত!
রাজশাহী সিটি করপোরেশন নগরের নিউমার্কেটের মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারটি দখলের চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে।গত শুক্রবার রাজশাহীর আঞ্চলিক বিভিন্ন পত্রিকায় সিটি করপোরেশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহানগরীর সার্বিক সমৃদ্ধি, সংস্কার ও স্থানান্তরের কাজ চলছে। তার অংশ হিসাবে নিউমার্কেটের পশ্চিমে মৎস্য অবতরণ কেন্দ্রটির উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রটি সিটি করপোরেশনের শালবাগান বাজারে স্থানান্তর করে করপোরেশনের নিজস্ব অর্থায়নে আধুনিকভাবে নির্মাণ করা হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’এ ব্যাপারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ঢাকার বিপণন কর্মকর্তা এম এ আওয়াল গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়ে বিজ্ঞাপন ছেপেছে। এই জায়গা স্থানান্তরের বিষয়ে মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। একটি মহল জায়গাটি দখল করার জন্য চক্রান্ত করছে। কারণ, মৎস্য অবতরণ কেন্দ্রের জায়গাটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। আর সিটি করপোরেশনের শালবাগান এলাকার জায়গার দাম ২০-২৫ লাখ টাকার বেশি হবে না। গত বছরের ৭ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কেন্দ্রটি ভেঙে একটি পাঁচতলা আধুনিক ভবন তৈরি করা হবে। এ জন্য ১০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে লোকবল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গা স্থানান্তর বা হস্তান্তরের প্রশ্নই ওঠে না।’খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৫ সালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাজশাহীর নিউমার্কেট এলাকায় সাড়ে ১৪ কাঠার ওপর মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার নির্মাণ করে। এখানে একটি হিমাগার, একটি বরফকল, ১১টি মাছের আড়ত এবং মৎস্য উন্নয়ন করপোরেশনের একটি কার্যালয় রয়েছে। সিটি করপোরেশন সম্প্রতি এই মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে আটতলাবিশিষ্ট ‘দারুচিনি প্লাজা’ মার্কেট ভবনের নির্মাণকাজ শুরু করেছে। ওই নির্মাণকাজের ঠিকাদার কোনো অনুমতি ছাড়াই গত ২৪ ডিসেম্বর বিকেলে মৎস্য অবতরণ কেন্দ্রটি বুলডোজার দিয়ে ভাঙা শুরু করেন।এ ঘটনায় ওই দিন রাতেই মৎস্য উন্নয়ন করপোরেশনের রাজশাহী কর্মকর্তা আবদুর রউফ বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে ঠিকাদারের লোকজন আবার কেন্দ্রটি ভাঙতে গেলে পুলিশ প্রতিরোধ করে।এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, ‘মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে সম্প্রতি মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে, তবে লিখিত সিদ্ধান্ত হয়নি। মৌখিক আলোচনা হয়েছে।’