রাজশাহীর সব কটিতে জয়ের আশা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের মতোই বিএনপির নেতারাও বাধাহীনভাবে শেষ সময় পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। নির্বাচনী তফশিল ঘোষণার পরে বিএনপির নেতা-কর্মীদের পুলিশি হয়রানিরও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মেয়র পদে ১৩টি পৌরসভার সব কটিতেই জয়ের আশা করছে বিএনপি।
গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু বলেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা গণসংযোগ করছেন। তাঁদের নেতা-কর্মীরা এখন সুসংগঠিত। তাঁরা রাজশাহীর সব কটি পৌরসভায় বিপুল ভোটে বিজয়ী হবেন। গতকাল তাঁরা জেলার তানোর ও কেশরহাট পৌর এলাকায় সর্বশেষ গণসংযোগ করেন।
রাজশাহীতে ১৩টি পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। এই পৌরসভাগুলোর মধ্যে শুধু তাহেরপুর পৌরসভার বিএনপির প্রার্থী আবু নঈম মো. শামসুর রহমান তাঁর কর্মীদের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া আড়ানী পৌরসভায় একটি সহিংস ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে বিএনপির প্রার্থী লিখিত কোনো অভিযোগ করেননি।
গত বৃহস্পতিবার থেকে মিজানুর রহমান ব্যাপকভাবে গণসংযোগ শুরু করেন। তাঁর সঙ্গে রয়েছেন জেলা কৃষক দলের সভাপতি আজিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম প্রমুখ। প্রথম দিনে পবার নওহাটা ও কাটাখালী পৌর এলাকা থেকে তাঁরা গণসংযোগ শুরু করেন। দুর্গাপুর ছাড়া তাঁরা সব কটি পৌর এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল প্রচার-প্রচারণার শেষ সময়ে তাঁরা তানোর ও কেশরহাট পৌরসভায় গণসংযোগ করেছেন। গণসংযোগে মিজানুর বলেন, নির্বাচন কমিশনের জন্য এই নির্বাচন অগ্নিপরীক্ষা। তাঁরা যদি গত ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করার চেষ্টা করে তাহলে আবার আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা হবে।
এদিকে জেলা বিএনপির সহসভাপতি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ বিভিন্ন মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরপর আদালতে আত্মসমর্পণ করেন। তিনি বেশ কিছুদিন হাজতবাস করেন। কিন্তু নির্বাচনের সময় তিনি এসব ঝামেলা থেকে মুক্ত রয়েছেন। তিনি চারঘাট, আড়ানী ও পুঠিয়া পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। গতকাল তিনি সর্বশেষ চারঘাট পৌর এলাকার মিঞাপাড়া, থানাপাড়া মহল্লায় গণসংযোগ করেন।