রাজশাহীর সব সাংসদ ও মেয়রের পদত্যাগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে রাজশাহী মহানগর ও জেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ না করায় রাজশাহীর সব সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা।রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান। এতে তিনি বিএনপির তিন মেয়াদে এডিপিতে রাজশাহীর জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের বিবরণ দিয়ে বলেন, এবারের বাজেটে রাজশাহীর জন্য এডিপির আওতায় কোনো প্রকল্প গ্রহণ বা অর্থ বরাদ্দ করা হয়নি। রাজশাহী সংগ্রাম পরিষদ সবাইকে সঙ্গে করে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। সেই প্রকল্পের জন্যও কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। রাজশাহীর ছয় সাংসদ ও সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে ব্যর্থ উল্লেখ করে রাজশাহীবাসীর সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পদত্যাগের আহবান জানান মিজানুর রহমান। এ ছাড়া বক্তারা বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারকে রাজশাহী বিদ্বেষী উল্লেখ করে তাঁদেরও পদত্যাগ দাবি করেন। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।