রাজশাহীর সেই কাউন্সিলরকে এবার দল থেকে অব্যাহতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর আড়ানী পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি মুক্তার হোসেনকে গত রোববার স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম। আর গতকাল সোমবার বাঘা উপজেলা যুবলীগ মুক্তারকে তাঁর পদ ও দল থেকে অব্যাহতি দিয়েছে। অন্যদিকে সাংসদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচার চেয়ে কাউন্সিলর মুক্তার রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে একটি আবেদন করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক তছিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি গতকাল মুক্তারের কাছে পাঠানো হয়েছে। এতে মুক্তারের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অসামাজিক আচরণ ও সর্বোপরি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।