রাজশাহীর সেই শিক্ষক ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী দিয়ে উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে শিক্ষক আবুল কালামকে গতকাল মঙ্গলবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় বদলি করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মো. আবুল কালাম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। ওই কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে কলেজ থেকে অবমুক্ত করা হয়েছে।
শিক্ষার্থী দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র দেখানোর ঘটনা তদন্তের জন্য রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন মোল্লা ও রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আকবর হোসেন। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে।
অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, তিনি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তদন্ত কমিটি-সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আজ বুধবার থেকে তাঁরা তদন্তের কাজ শুরু করবেন।
শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোর্ডের পিয়নদের হাতে টাকা দিলেই অতিরিক্ত উত্তরপত্র পাওয়া যায়। উৎসাহী শিক্ষকেরা ২০০ উত্তরপত্রের স্থলে ৫০০ বা তারও বেশি নিয়ে থাকেন। ২০ দিনের মধ্যে উত্তরপত্র দেখে জমা দেওয়ার কথা। সাধারণত যাঁরা বেশি উত্তরপত্র নেন, তাঁরা বাইরের লোক দিয়ে উত্তরপত্র দেখিয়ে থাকেন। কারণ, ২০ দিনে একজন শিক্ষকের পক্ষে যথাযথভাবে অতিরিক্ত উত্তরপত্র দেখা সম্ভব হয় না।
বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সাধারণত একজন শিক্ষককে ২০০ করে উত্তরপত্র দেওয়া হয়। কোনো বিষয়ে পরীক্ষক-সংকট থাকলে ২৫০ থেকে সর্বোচ্চ ৩৫০টি পর্যন্ত উত্তরপত্র দেওয়া হয়ে থাকে। ৫০ নম্বরের নিচের প্রতিটি উত্তরপত্রের জন্য পরীক্ষকদের ২০ টাকা করে সম্মানী দেওয়া হয় আর ৫০ থেকে ১০০ নম্বরের প্রতিটি উত্তরপত্রের জন্য ২৫ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, তিনি পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষার পরে বোর্ডে উত্তরপত্র আনার জন্য গিয়েছিলেন। তিনি ২০০ উত্তরপত্র নিয়েছেন। ২০০ টাকার বিনিময়ে তাঁকে আরও ২০০ উত্তরপত্র দেওয়ার জন্য একজন পিয়ন এসে প্রস্তাব করছিলেন। তাঁর সামনেই জীববিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক এভাবে টাকা দিয়ে ৫০০ উত্তরপত্র নিয়ে নিলেন। আরও একজন শিক্ষক ৫০০ উত্তরপত্র নেন। তারপর আরও ৫০০ নেওয়ার জন্য বসে ছিলেন। তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু দেরি হচ্ছিল, ট্রেন পাবেন না বলে বাকি খাতা না নিয়েই চলে যান।
অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘শুধু তিন মাস সময় দেবেন। বোর্ডে এ ধরনের কোনো অনিয়ম থাকবে না। সব ঠিক হয়ে যাবে। উত্তরপত্র মূল্যায়নের জন্য একজন শিক্ষক সর্বোচ্চ কত টাকার চেক পাবেন, তা নির্দিষ্ট করে দেওয়া হবে।’
গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র উদ্ধার করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এই উত্তরপত্রগুলো বোর্ড থেকে নিয়েছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম।