রাজশাহীর সেই সোনাদিঘি দূষণ ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবর্জনায় ভরে গেছে রাজশাহী নগরের সোনাদিঘি। কোথাও কোথাও সু্যয়ারেজের লাইন সংযোগ দেওয়া হচ্ছে এই দিঘি​র সঙ্গে (ইনসেটে)। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো।
আবর্জনায় ভরে গেছে রাজশাহী নগরের সোনাদিঘি। কোথাও কোথাও সু্যয়ারেজের লাইন সংযোগ দেওয়া হচ্ছে এই দিঘি​র সঙ্গে (ইনসেটে)। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো।

একসময় সোনাদিঘি ছিল রাজশাহী শহরের অন্যতম বিনোদনকেন্দ্র। দিঘির পানি দিয়ে এলাকাবাসী রান্নাবান্নার কাজও চালাত। কিন্তু এখন সে সব শুধুই স্মৃতি।
এ অবস্থায় সাত বছর আগে এনা প্রপার্টিজের সঙ্গে এই দিঘি সংস্কারের একটি চুক্তি হয়। কাজটি তিন বছরের মধ্যে করার কথা ছিল। কিন্তু সংস্কার দূরে থাক, চারদিকের আবর্জনায় দিঘির পানি পচে পরিবেশ দূষণের উৎস হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় ১ একর ৪৫ শতাংশ আয়তনের একটি জলাশয় রয়েছে। সেটিই স্থানীয়ভাবে সোনাদিঘি নামে পরিচিত। একসময় মানুষ এখানে অবসর সময় কাটাত। পাড়ে লোহার ফ্রেমে কাঠের চেয়ার পাতা থাকত। এর চারধারে ছিল পামগাছ। আর পাড়ে ছিল ফুলের বাগান। দিঘির পানি স্বচ্ছ থাকায় এলাকাবাসী তা রান্নায় ব্যবহার করত। এ জন্য তখন পৌরসভার পক্ষ থেকে সারাক্ষণ পাহারাদার নিযুক্ত ছিল। তাঁরা কাউকে দিঘির পানিতে নামতে দিতেন না। পাড়ে বাঁশের পাটাতন থাকত। তার ওপর থেকে বালতিতে করে পানি তুলতে হতো।
দিঘির পূর্ব ও দক্ষিণ পাশে সিটি করপোরেশন মার্কেট। পশ্চিমে পুরোনো সিটি ভবনস্থলে নির্মিত হচ্ছে নতুন সিটি সেন্টার। আর উত্তর-পশ্চিমে রয়েছে সার্ভে ইনস্টিটিউট। এসব স্থাপনার কারণে পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে দিঘি দেখা যায় না। উত্তর দিকে ছিল ফাঁকা। এখন সেখানেও দোকানপাট উঠেছে।
২০০৯ সালে শহরের পুরোনো সিভি ভবনের স্থলে নতুন করে সিটি সেন্টার নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলে বাগমারার সাংসদ এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ দরপত্র জমা দেয়। ১৬ তলাবিশিষ্ট কাজটি এনা প্রপার্টিজই পায়। চুক্তি অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান সিটি সেন্টার-সংলগ্ন সোনাদিঘির সংস্কার করে দেবে। এ ছাড়া পাড়ে একটি মসজিদ, হাঁটার পথ, এমফি থিয়েটার ও তথ্যপ্রযুক্তি পাঠাগার করে দেওয়ার কথা। সে জন্য পাড়ের দোকানগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেগুলো সরানো হয়নি। বরং দূষণে দিঘিটি আরও নোংরা হয়েছে।
কয়েক দিন ধরে দেখা যাচ্ছে, দিঘির পূর্ব পাড়ে যে মসজিদ রয়েছে, সেটির সুয়ারেজের লাইন সরাসরি দিঘির সঙ্গে যুক্ত করার জন্য ১০ ইঞ্চি ব্যাসের পাইপ লাগানো হচ্ছে। পদাধিকারবলে এই মসজিদ কমিটির সভাপতি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হক। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি দেখবেন।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রথম আলোকে বলেন, সিটি সেন্টার নির্মাণের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তবে তাঁরা কাজ করছেন। দিঘি সংস্কারের বিষয়টি চুক্তিতে রয়েছে। সিটি সেন্টার করার পর নির্মাতা প্রতিষ্ঠান এই কাজটি না করলে সিটি সেন্টার থেকে ফ্ল্যাট নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে।
তবে এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী সাংসদ এনামুল হক বলেন, ‘সিটি করপোরেশনকে আমরা একাধিক চিঠি দিয়েছি। কিন্তু তারা সোনাদিঘির পাড়ের পজিশন (দোকান) ক্লিয়ার করছে না। এ জন্য আমরা সোনাদিঘি সংস্কারের কাজে হাত দিতে পারছি না। তাতে আমাদের মার্কেটেরই বরং ক্ষতি হচ্ছে। মার্কেটের সৌন্দর্যহানি ঘটছে।’ তিনি এ-ও বলেন, এ বছরের মধ্যে মার্কেটের কাজ তাঁরা শেষ করবেন।