রাজশাহীর সেই স্বাচিপ নেতাকে বগুড়ায় বদলি
স্বাধীনতা চিকিৎ সক পরিষদের (স্বাচিপ) রাজশাহীর সেই নেতা মহিবুল হাসানকে বগুড়ায় বদলি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চলতি দায়িত্বের একজন সহকারী অধ্যাপক হয়ে পরিচালকসহ বেশ কয়েকটি পদ দখল করে তিনি আলোচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি নিজে হামলার শিকার হলে তাঁর সমর্থকেরা স্থানীয় ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় স্বাচিপ থেকে তাঁকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খাজা আবদুল হান্নান স্বাক্ষরিত তাঁর বদলি আদেশ রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষের হাতে পৌঁছেছে। অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া জানান, মহিবুল হাসানকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর তিনি তাৎ ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, মহিবুল হাসান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি নিয়ে চলতি দায়িত্বের সহকারী অধ্যাপক পদে যোগ দেন। এরপর তিনি একটি ওয়ার্ডের দায়িত্বও পান। নিয়ম অনুযায়ী সহযোগী অধ্যাপক বা অধ্যাপক ছাড়া অন্য কেউ ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার কথা নয়। এ ছাড়া তিনি কলেজের ছাত্রছাত্রীদের চারটি আবাসিক হলের তত্ত্বাবধায়ক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, রামেক হাসপাতাল শাখা স্বাচিপের সাধারণ সম্পাদক, রামেকের টেন্ডার কমিটির স্থায়ী সদস্য ও বিদেশি অর্থায়নে রামেক হাসপাতালে পরিচালিত নির্যাতিত মহিলাদের সেবাকেন্দ্র ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ছিলেন।