রাজশাহীর সোনাদিঘি উদ্ধারের সুপারিশ সংসদীয় কমিটির
রাজশাহীর সোনাদিঘি উদ্ধার করে আগের ঐতিহ্য ফিরিয়ে আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সমবায় অধিদপ্তরে নিবন্ধিত কো-অপারেটিভ সোসাইটি এবং মাল্টিপারপাস কো-অপারেটিভভুক্ত যেসব সমিতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অভিযোগ তদন্ত করে মামলা করার সুপারিশ করা হয়। এ ছাড়া রাজশাহী ওয়াসার ‘কনস্ট্রাকশন অব সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্ট’–এর কার্যক্রম দ্রুত শুরু করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মো. রহমত আলী, রাজিউদ্দিন আহমেদ ও এ কে এম মোস্তাফিজুর রহমান বৈঠকে অংশ নেন।