রাজশাহীর সোনাদীঘি দখলমুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের পুরাতন ভবনের জায়গায় ১৬ তলাবিশিষ্ট সিটি সেন্টার নির্মাণকাজের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা নবায়ন করেনি সিটি করপোরেশন। এক বছর আগে এই মেয়াদ শেষ হওয়ার পরও অনুমোদন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এ অবস্থায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরায় অনুমোদন নিয়ে নির্মাণকাজ করার জন্য জানিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।

গতকাল বুধবার রাজশাহী নাগরিক সমন্বয়ক কমিটি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। নির্মাণাধীন সিটি সেন্টারের পাশে অবস্থিত রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘি দখলমুক্তির দাবিতে নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্রে জানা গেছে, সিটি সেন্টার নির্মাণকাজের জন্য ১৩টি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল আরডিএ। অনুমতিপত্রের ৩ নম্বর শর্তে ছিল, অনুমোদনের তারিখ থেকে তিন বছর পর্যন্ত অনুমোদন বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে নির্মাণ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ফি দিয়ে আবেদনের মাধ্যমে বিধি মোতাবেক অনুমোদন নবায়ন করতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া এক চিঠিতে আরডিএর ইমারত নির্মাণ কমিটির সদস্যসচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন, শর্ত অনুযায়ী নির্মাণকাজের মেয়াদ ছিল ২০১৬ সালের ১ এপ্রিল পর্যন্ত। এরপর সে স্থানে কোনো নির্মাণকাজ করতে হলে ইমারত নির্মাণ আইন অনুসারে পুনরায় নির্মাণ অনুমোদন নিতে হবে। এ অবস্থায় সেখানে নির্মাণকাজ না করার জন্য এবং আইন অনুসারে পুনরায় অনুমোদন নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৪ মে চিঠিটি স্বাক্ষর করা হয়েছে।

গতকাল আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা নবায়নের জন্য সিটি করপোরেশনকে জানিয়েছি। এখন পর্যন্ত তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন সিটি করপোরেশনের বাইরে থাকায় কথা বলতে পারেননি।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ একমাত্র দরপত্রটি জমা দেয়। ফলে ১৬ তলাবিশিষ্ট ভবন নির্মাণের কাজটি তারাই পায়।

জানতে চাইলে এনা প্রপার্টিজের স্বত্বাধিকারী সাংসদ এনামুল হক বলেন, ‘প্ল্যান পাস করানোর পর আবারও অনুমোদন নবায়ন করে নিতে হয় এটা আমাদের জানা নেই। আর যদি অনুমোদনের প্রয়োজন হয়, তবে সিটি করপোরেশন সেটি দেখবে। এটা আমাদের দায়িত্ব নয়।’ সোনাদীঘি দখলের বিষয়ে তিনি বলেন, ‘আরডিএ যে নকশার অনুমোদন দিয়েছে সেই অনুযায়ীই কাজ হচ্ছে। তার বাইরে এক ইঞ্চি জায়গাও দখল করা হয়নি।’

গতকালের সংবাদ সম্মেলনে বলা হয়, সোনাদীঘি রাজশাহীর পরিচয় বহন করে। বর্তমানে এই দিঘিটি ভরাট করে একটি অংশে অবৈধভাবে নির্মিত হচ্ছে বহুতল ভবন। চারদিকে চলছে দখলের মহোৎসব। সোনাদীঘি এখন মৃতপ্রায়। আমরা কোনোভাবেই এর মৃত্যু ঘটতে দিতে পারি না। সোনাদীঘির পাড় এবং দিঘি ভরাট করে যেসব অনুমোদনহীন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, তা অবিলম্বে অপসারণ ও ভেঙে ফেলে দিঘিটিকে দখলমুক্ত করা হোক। তা না হলে রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হব।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ও নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক মো. শামসুদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উপদেষ্টা মোশারফ হোসেন আখুঞ্জি, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহীর সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেশমশিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী প্রমুখ।