রাজশাহীর সড়কে প্রাণ গেল চারজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। গতকাল বুধবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাহাব্দিপুর এলাকায় একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন গৃহবধূ আলেয়া বেগম (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালি গ্রামের বাসিন্দা। আহত হন ১৫ জন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোর সাড়ে পাঁচটার দিকে গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শ্রীমন্তপুর গ্রামের মাবিয়া বেগম (৬০) ও আনোয়ারা বেগম (৬১)। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন জানান, এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনো মামলাও হয়নি।
পুঠিয়া উপজেলায় বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে প্রাণ হারান আবদুস সামাদ (৭০)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবনায়ন গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হন তিনজন। তৌহিদ (২৫) নামের একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।