রাজশাহীর হেতম খাঁ এলাকায় আ.লীগ ও বিএনপির কার্যালয় উচ্ছেদ
রাজশাহী নগরের হেতম খাঁ এলাকার হাসপাতাল মোড়ে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ও আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় আরও ৩০টি দোকানপাট উচ্ছেদ করা হয়।রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে প্রধান দুটি রাজনৈতিক দলের কার্যালয় উচ্ছেদের সময় সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমে। বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়টি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। তবে ওপরের টিনের চালাটি রয়ে গেছে। স্থানীয় চায়ের দোকানি কাজেম আলী অভিযোগ করেন, নোটিশ না দিয়েই এই অভিযান চালানো হয়েছে।রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম জানান, এক মাস ধরে সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে দুই-তিন দিন করে এই অভিযান চালানো হবে। তিনি বলেন, শুধু বিএনপির নয়, আওয়ামী লীগেরও কার্যালয় উচ্ছেদ করা হয়েছে।