রাজশাহীর ৬ আসনেই জমজমাট প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী ২৫ জন
  • আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও বিএনপির প্রার্থী আমিনুল হকের জমজমাট প্রচার চলছে
  • আমিনুল হকের অভিযোগ, প্রচারে তাঁরা পিছিয়ে নেই।
  • বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, প্রচারে তাঁরা বিএনপির চেয়ে অনেক এগিয়ে

রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী ২৫ জন। সব আসনেই আওয়ামী লীগের জমজমাট প্রচার-প্রচারণা। তবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বলছেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ভয়ভীতি দেখালেও প্রচারে তাঁরা পিছিয়ে নেই। আবার মহাজোটের প্রার্থীরা বলছেন, এসব বিএনপির ঢালাও অভিযোগ। আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের সামনে তারা দাঁড়াতে পারছে না।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ও বিএনপির প্রার্থী আমিনুল হকের জমজমাট প্রচার চলছে। আমিনুল হকের অভিযোগ, প্রচারে তাঁরা পিছিয়ে নেই। তবে তাঁদের নেতা–কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, প্রচারে তাঁরা বিএনপির চেয়ে অনেক এগিয়ে। বিএনপির প্রার্থী আমিনুল হক তো গত ১০ বছর মাঠে ছিলেন না। নেতাদের ভয়ভীতি দেখানো ও পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি হচ্ছে অভিযোগের দল। মিথ্যা কথা বলতে বলতে তাদের অভ্যাস হয়ে গেছে।

এই আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. মান্নান ও বাসদের আলফাজ হোসেন।

রাজশাহী-২ আসনে (রাজশাহী সিটি করপোরেশন এলাকা) মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আর বিএনপি প্রার্থী রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিএনপির কিছু অভিযোগ সত্ত্বেও এই আসনেও জমজমাট প্রচার চলছে। ফজলে হোসেন গত ১০ বছরের উন্নয়ন নিয়ে কথা বলছেন। মিজানুর রহমানও তাঁর সময়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ভোটের প্রচার চালাচ্ছেন। তবে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক দাবি করেছেন, মহাজোটের প্রার্থীর সমর্থকেরা তাঁদের পোস্টার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছেন। এ নিয়ে তাঁরা ১১টি অভিযোগ করেছেন।

বিএনপির অভিযোগ ঢালাও অভিহিত করে ফজলে হোসেন বলেন, ‘আমি বিএনপির প্রার্থীর সঙ্গে কোলাকুলি করেছি। তারপরও যখন অভিযোগ করছে, তখন বুঝতে হবে এগুলো ঢালাও অভিযোগ।’

এই আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন সিপিবির মো. এনামুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফয়সাল হোসেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ মো. আয়েন উদ্দিন ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক। এখানেও প্রচারণা জমজমাট। যদিও বিএনপির প্রার্থী শফিকুল হকের দাবি, তাঁদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মীদের বাড়িতে গিয়ে মারধর করা হচ্ছে। অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না।

আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দীন বলেন, বিএনপির প্রার্থী রাজশাহী শহরের মানুষ। আর তিনি মোহনপুরের ছেলে। এ জন্য লোকজন স্থানীয় প্রার্থীকে রেখে বহিরাগত কাউকে ভোট দেবেন না। এ জন্য বিএনপি এখানে কোনো লোক খুঁজে পাচ্ছে না।

এই আসনে অন্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফজলুর রহমান, যুক্তফ্রন্টের (এলডিপি) মো. মনিরুজ্জামান ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএলএল) মো. সাজ্জাদ আলী।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক আর বিএনপির প্রার্থী আবু হেনা। এই আসনেও জমজমাট প্রচার-প্রচারণা চলছে। তবে বিএনপির প্রার্থীর অভিযোগ, ‘তাঁদের লোকদের ডিবি পুলিশ পরিচয়ে রাতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে মাঠ ভালো। ভোট হলে জিতবেন। এনামুলের সঙ্গে আওয়ামী লীগের লোকেরাই নেই।’

আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বলেন, ‘বাগমারায় মানুষ বিএনপির প্রার্থীকে না করে দিয়েছে। আবু হেনার পক্ষে পোস্টার লাগানোর লোক নেই। এখন বাইরে থেকে লোক ভাড়া করে এনে পোস্টার লাগাতে চান। আমরা এটা না করেছি। বলেছি, স্থানীয় ভোটাররা লাগাক, আমরা শ্রদ্ধা করব। প্রয়োজনে তাঁর পোস্টার আমরা পাহারা দেব।’

এই আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এবার আওয়ামী লীগের নতুন মুখ মনসুর রহমান। সাংসদ আবদুল ওয়াদুদকে ঘিরে দলের মধ্যে যে বিভক্তি তৈরি হয়েছিল, নতুন প্রার্থী হওয়ায় তা মিটে গেছে। অপর দিকে বিএনপি এই আসনে প্রার্থী বিড়ম্বনায় পড়েছে। বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফা ঋণখেলাপি ও তথ্য গোপন করার অভিযোগে বাছাইয়ে বাদ পড়েছিলেন। এরই মধ্যে বিএনপি নজরুল ইসলামকে এই আসনে তাদের চূড়ান্ত প্রার্থী বলে ঘোষণা দেয়। এরপর উচ্চ আদালত থেকে নাদিম মোস্তফা আপিল করে তাঁর প্রার্থিতা ফিরে পেয়ে ৯ ডিসেম্বর বিকেলে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এদিকে নজরুল ইসলামের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর নজরুল ইসলাম তাঁর প্রার্থিতা ফিরে পান। আগে নাদিম মোস্তফা প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করছিলেন। গত সোমবার থেকে নজরুল ইসলাম সেই গণসংযোগ শুরু করেছেন।

এই আসনে অন্যান্য প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির মো. আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রুহুল আমিন, জাকের পার্টির মো. শফিকুল ইসলাম।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আর বিএনপির প্রার্থী মো. আবু সাঈদ চাঁদ। এই আসনে আওয়ামী লীগের প্রচার একচেটিয়া। বিএনপির প্রার্থী ২১টি মামলা মাথায় নিয়ে ভোট করছেন। তিনি কারাগারে। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ইউনুস আলী তালুকদার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের ভয়ভীতি প্রদর্শনের কারণে তাঁদের ভোটারদের কাছে যাওয়ার পরিবেশ নেই।

তবে শাহরিয়ার আলমের প্রধান নির্বাচনী এজেন্ট নূর মোহাম্মদ বলেন, বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই প্রচারের মাঠে নেই। ভয়ভীতি দেখানোর ঘটনা কেউ প্রমাণ করতে পারবে না। ওরা ঘরে বসেই এসব প্রপাগান্ডা চালাচ্ছে।