রাজশাহীর ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
উৎপাদনের তারিখ নেই, নেই মেয়াদ, অনুমোদন না থাকলেও ব্যবহার করা হয়েছে বিএসটিআইয়ের লোগো, বেসনের ভেতরে কিলবিল করছে পোকা, সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে রাজশাহীতে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে।
অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী অভিযান পরিচালনা করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযানে সহযোগিতা করে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে মেয়াদোত্তীর্ণ চানাচুর ও সেমাই উৎপাদন এবং পোকা লাগা বেসন ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই ধারায় জীবন কেমিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মেয়াদ, সর্বোচ্চ খুচরা মূল্য না লেখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মডার্ণ সেমাইকে ১০ হাজার টাকা, শাহী সেমাইকে ২০ হাজার, নূর বেকারিকে ৫০ হাজার, বিশাল ফুডকে ৫০ হাজার ও কু-বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, তাদের মধ্যে জীবন কেমিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ পচা কাঁচামাল দিয়ে ডেক্সট্রোজ তৈরি করছে। তাদের বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। তারা বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে। তারা ট্যাঙ্ক-জাতীয় একটি উপাদান তৈরি করছে, যার উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ নেই। পদ্মা ফুড তাদের সেমাইয়ের মেয়াদ লিখে রেখেছে দুই বছর। তারা কিসের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ লিখেছে, তার কোনো প্রমাণপত্র দিতে পারেনি। তারা মেঝেতে ফেলে সেমাই মোড়কজাত করছে। তিনি বলেন, সেমাই একটি খাদ্যপণ্য। এমন জায়গায় রেখে সেমাই মোড়কজাত করতে হবে, যেখানে ভাত রেখে খাওয়া যায়। এই প্রতিষ্ঠানের বেসনের মধ্যে পোকা কিলবিল করছে। তাদের কারখানা থেকে মেয়াদোত্তীর্ণ চানাচুর পাওয়া গেছে।