রাজস্থলীতে বজ্রপাতে দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের দুটি গ্রামে বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই শিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছে।
নিহত দুই শিক্ষার্থী হলো ওগারি পাড়ার প্রথম শ্রেণীর ছাত্র মংকিং ঞো মারমা (৭) ও দশম শ্রেণির ছাত্রী অথুই প্রু মারমা (১৭)। আহত ছাত্ররা হলো ওগারি পাড়ার সপ্তম শ্রেণির ছাত্র উমং সিং মারমা (১৪) এবং খাগড়াছড়ি পাড়ার নুরুল আবছার (১২), চিং মং উ মারমা (২২) ও শহীদুল ইসলাম (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় মংকিং ঞো মারমা বাড়ির উঠানে গোসল করছিল। আর বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল অথুই প্রু মারমা ও উমং সিং মারমা। সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনজনই অজ্ঞান হয়ে যায়। এ সময় স্বজনেরা তাদের রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মংকিং ঞো ও অথুই প্রুকে মৃত ঘোষণা করেন।
একই সময় খাগড়াছড়ি পাড়ার একটি মাঠে বল খেলার সময় নুরুল আবছার, চিং মং উ মারমা ও শহীদুল ইসলাম বজ্রপাতের সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিন সিং মারমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।