রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে জুমচাষি নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্যহাতির আক্রমণে চিত্রসেন তঞ্চঙ্গ্যা (৬৫) নামের এক জুমচাষি নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশুসহ তিনজন। গতকাল রোববার ভোরে ঘিলাছড়ি ইউনিয়নের ঝুরঝুরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর ছয়টার দিকে একটি বন্যহাতির পাল ওই গ্রামে প্রবেশ করে জুমখেত ও কলাগাছসহ বিভিন্ন ফলমূলের গাছ ধ্বংস করতে থাকে। একপর্যায়ে হাতির পালটি চিত্রসেনের জুমখেতের ঘরে হামলা চালায়। এ সময় একটি হাতি ঘরের ভেতর থাকা চিত্রসেনকে শুঁড় দিয়ে ঘরের বাইরে মাটিতে আছড়ে ফেলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতির আক্রমণে ঘরের ভেতর থাকা চিত্রসেনের নাতি রিনা তঞ্চঙ্গ্যা (৮) আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হাতির পালটি তাদের ধাওয়া করে। তখন পালাতে গিয়ে নূর নবী ও স্থানীয় সাংবাদিক আসগর আলী আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশসহ একদল বনকর্মী ঘটনাস্থলে যান। ওই সময় সাত-আটটি হাতি নিহত ব্যক্তিকে ঘিরে রেখেছিল। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ১৩টি ফাঁকা গুলি ছুড়ে হাতির পালটিকে তাড়িয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।